বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রস্তাবিত বহিঃসমর্পণ চুক্তি (বন্দিবিনিময় চুক্তি) অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ফৌজদারি মামলায় বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত আসামি বিনিময়ের সুযোগ রেখে এ চুক্তি করা হয়েছে। এর ফলে বাংলাদেশ ও ভারত দুই দেশ অনুমতিক্রমে এক দেশ থেকে অন্য দেশে বন্দিবিনিময় করতে পারবে।
গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ভারতের মন্ত্রিসভা আগেই এ চুক্তিতে অনুসমর্থন দিয়েছে। এর অনুলিপি হস্তান্তর হলেই চুক্তি কার্যকর হবে। তিনি বলেন, মন্ত্রিসভা মনে করছে এই প্রস্তাব অনুমোদনের পর বিদেশে পালিয়ে থাকা বাংলাদেশের অপরাধীদের ফিরিয়ে আনা সহজ হবে। একই সঙ্গে বঙ্গবন্ধুর কোনো খুনি যদি ভারতে লুকিয়ে থাকে, তাহলে ওই অপরাধীকে ফিরিয়ে আনার জন্য এটি হবে একটি বড় উদ্যোগ। তবে যদি কোনো অপরাধী রাজনৈতিক কারণে লুকিয়ে থাকে, সে ক্ষেত্রে এক দেশ আরেক দেশকে বন্দী নাও দিতে পারে। প্রস্তাবে এ রকম একটি বিধানও রাখা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এই চুক্তির ফলে দুই দেশ এক বছরের বেশি মেয়াদের সাজাপ্রাপ্ত অপরাধীদের বিনিময় করতে পারবে। যে কেউ ছয় মাসের নোটিশে এ চুক্তি বাতিল করতে পারবে।
সূত্রমতে, এই চুক্তির ফলে উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে ভারতের হাতে ফিরিয়ে দেওয়ার পথ তৈরি হলো। ভারত সরকার দীর্ঘদিন ধরেই তাঁকে ফিরে পাওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। বন্দিবিনিময় চুক্তি কার্যকর না হওয়ায় এত দিন তাঁকে ফেরত পায়নি ভারত। এ ছাড়া চুক্তির ফলে বাংলাদেশও সুব্রত বাইন ও সাজ্জাদ হোসেনের মতো পলাতক সন্ত্রাসীদের ফিরিয়ে আনার সুযোগ পাবে। সুব্রত বাইন কলকাতায় এবং সাজ্জাদ তিহার কারাগারে বন্দী রয়েছেন। সব ঠিকঠাক থাকলে বন্দিবিনিময়ে ‘বহিঃসমর্পণ চুক্তির’ আওতায় এই তিনজনের হস্তান্তর শিগগিরই করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আদালত অবমাননা নিয়ে আলোচনা: মন্ত্রিসভা সূত্র জানায়, অনির্ধারিত আলোচনায় সরকারের ওপর উচ্চ আদালতের প্রভাব ও আদালত অবমাননা আইন, গাড়ি ক্রয়, ট্রেনের টিকিটসহ বিভিন্ন বিষয়ে এক ঘণ্টা আলোচনা হয়। কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও সচিব আলোচনায় অংশ নেন।
বৈঠকে একজন জ্যেষ্ঠ মন্ত্রী বলেন, বর্তমানে যে যাঁর অবস্থান থেকে ক্ষমতার প্রয়োগ করছেন। বিচারপতিরা তাঁদের ক্ষমতা দেখাচ্ছেন, সচিবেরা তাঁদের ক্ষমতা দেখাচ্ছেন। সে সময় উপস্থিত কয়েকজন মন্ত্রী ও সচিব বলেন, সচিবদের ক্ষমতা দেখানোর কোনো সুযোগ নেই। তাঁরা আইনের বাইরে গিয়ে কিছুই করতে পারেন না। একজন সচিব বলেন, তাঁর বিরুদ্ধে ১২৩টি আদালত অবমাননা মামলা রয়েছে। এর মধ্যে ৪২ জনকে চাকরিতে পুনর্বহাল-সংক্রান্ত একটি মামলা রয়েছে। এই মামলার পর্যালোচনায় দেখা যায়, ১৯৭১ সালে ওই দুই কর্মকর্তার বয়স ছিল পাঁচ বছর। তাই তাঁদের পুনর্বহাল করা যায়নি।
কয়েকজন সচিব এ সময় আদালত অবমাননার কয়েকটি ধারা নিয়ে আলোচনায় বলেন, গণমাধ্যমকে স্বাধীনতা দিতে না পারলে কেউ নিরাপদ নয়। গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে সবাইকে বিপদে পড়তে হবে। তাই প্রত্যেককে একটি সীমানার মধ্যে থেকে কাজ করতে হবে।
কয়েকজন মন্ত্রী আদালতের নিষেধাজ্ঞার কারণে তাঁদের মন্ত্রণালয়গুলোর কাজকর্মের গতি কমে যাওয়ার বর্ণনা দেন। এর মধ্যে যোগাযোগমন্ত্রী সড়ক ভবন এবং এলজিআরডি প্রতিমন্ত্রী রাস্তাঘাট করতে নানা রিট মামলার প্রসঙ্গ তুলে ধরেন। মন্ত্রীরা বলেন, সরকারের সঙ্গে বিচার বিভাগের মিলেমিশে কাজ করা দরকার। একে অপরকে প্রতিপক্ষ ভাবা ঠিক নয়। এখন উচ্চ আদালত প্যারালাল সরকার হয়ে গেছে। এটা কাম্য নয়।
এ সময় আরও বলা হয়, উচ্চ আদালতের সঙ্গে এখন বিবাদে জড়ানো ঠিক হবে না। এসব বিষয়ে আলোচনার জন্য প্রয়োজনে অ্যাটর্নি জেনারেলকে দায়িত্ব দেওয়ার কথা বলেন একাধিক মন্ত্রী ও উপদেষ্টা। তাঁরা এসব বিষয়ে আইনমন্ত্রীকে উদ্যোগ নিতে বলেন। প্রধানমন্ত্রী সবার বক্তব্য শুনলেও কোনো মন্তব্য করেননি বলে জানায় সূত্র।
এ ছাড়া বৈঠকে সন্ত্রাস দমন ও মাদক নিয়ন্ত্রণে সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুটি চুক্তি করার প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বাংলাদেশ-ইউএস কাউন্টার টেরোরিজম কো-অপারেশন ইনিশিয়েটিভ’ চুক্তি হলে সন্ত্রাস দমনে দুই দেশের মধ্যে তথ্য ও প্রযুক্তি বিনিময়ের পথ তৈরি হবে। আর ‘মেমোরেন্ডাম অব কো-অপারেশন বিটুইন মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স অব বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড স্টেটস ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ফর মিউচুয়াল কো-অপারেশন ইন দ্য স্ফিয়ার অব ড্রাগ কন্ট্রোল’ চুক্তি হলে মাদক নিয়ন্ত্রণে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ার পথ তৈরি হবে। তিনি বলেন, পারস্পরিক সম্মতিক্রমে এই চুক্তি হবে। এতে কোনো আইনি বাধ্যবাধকতা থাকবে না।
বৈঠকের শুরুতে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের ২০১২-১৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন তুলে ধরা হয়।