ভারতের সঙ্গে ভালো যোগাযোগ থাকাটা স্বাভাবিক: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে। সেই কারণে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের ভালো যোগাযোগ থাকাটাও স্বাভাবিক।
আজ বুধবার সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট বিন্দু এন লোহানীর সঙ্গে এক বৈঠকের পর নিজ কার্যালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের মুখোমুখি হন। বর্তমান সরকার ভারতের মদদে ক্ষমতায় আছে বলে কেউ কেউ অভিযোগ করেন—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই কথা বলেন। তিনি বলেন, ‘এটা বিএনপি বলে। পরনির্ভরশীলতা বিএনপির চরিত্র, আওয়ামী লীগের নয়।’
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বা সুসম্পর্ক না রাখা ভারতের পক্ষে সম্ভব না। কারণ বাংলাদেশ-ভারতের বিশাল সীমান্ত রয়েছে, রয়েছে মানুষের আনাগোনা। বাংলাদেশের বিশাল বাণিজ্য রয়েছে ভারতের সঙ্গে। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ আমদানি হয় এই দেশ থেকে।
দেশীয় শক্তি ও জনগণের সমর্থনেই সরকার ক্ষমতায় রয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘কেউ কারও সহযোগিতায় ক্ষমতায় থাকে না বা থাকা যায় না। এ জন্য জনগণের সমর্থন লাগে। আওয়ামী লীগ জনগণের সমর্থনেই ক্ষমতায় রয়েছে।’ অর্থমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে দেশীয় শক্তিতেই। আপনি যদি শক্তিশালী হন, বিদেশি শক্তি আপনার পাশে থাকবে। আপনি শক্তিশালী না হলে বিদেশিরাও থাকবে না।’
এডিবির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘তিনি বলেছেন অর্থনীতি, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবন ইত্যাদিতে এখনো আমরা পেছনের কাতারে রয়েছি। তবে এগুলোতে আমাদের অগ্রগতি ভালো বলে মন্তব্য করেছেন তিনি। আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর তিনি তাগিদও দিয়েছেন।’
অর্থমন্ত্রী বলেন, ‘স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মধ্য আয়ের দিকে বাংলাদেশের যাত্রা। আমাদের এখন একটা উত্তরণ দরকার। তথ্যপ্রযুক্তি ও শিক্ষায় ভালো করতে পারলে এ উত্তরণ অনেকটাই সহজতর হবে।’