ভারতের সঙ্গে সমুদ্রজয়ে আ.লীগের শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের পর এবার ভারতের সঙ্গে সমুদ্র বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গতকাল রাজধানীতে আনন্দ মিছিল করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো l ছবি: প্রথম আলো
মিয়ানমারের পর এবার ভারতের সঙ্গে সমুদ্র বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গতকাল রাজধানীতে আনন্দ মিছিল করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো l ছবি: প্রথম আলো

‘ভারতের সঙ্গে সমুদ্র বিজয়ে’ ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন গতকাল বুধবার রাজধানীতে শোভাযাত্রা ও আনন্দ মিছিল করেছে।
এর মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আনন্দ শোভাযাত্রা বের করে পল্টন মোড় হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে তা শেষ হয়।
শোভাযাত্রাপূর্ব সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘সমুদ্রসীমার রায়ে আমরা অত্যন্ত খুশি। কোনো প্রতিবাদ ছাড়াই ভারত এ রায় মেনে নেওয়ায় তাদের ধন্যবাদ। আইনের মাধ্যমে আমরা ন্যায্য হিস্যা আদায় করেছি।’ তিনি বলেন, আইনের আশ্রয় নিয়ে এটা অর্জন করেছি। এতে ভারত কিংবা এর আগে মিয়ানমার, কারোরই পরাজয় হয়নি। এ রায় মিয়ানমার ও ভারত মেনে নিয়েছে।
সৈয়দ আশরাফ বলেন, ‘কষ্ট লাগে যখন ভাবী, এরশাদ ও খালেদা জিয়া দফায় দফায় ক্ষমতা ছিলেন। কিন্তু কেউ এটা নিয়ে কোনো কথা বলেননি। আন্তর্জাতিক আদালতে যাননি। শেখ হাসিনাই ২০০৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে ও ২০১৩ সালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গিয়েছেন। এটাই শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার মধ্যে পার্থক্য।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘বিএনপি বলছে তালপট্টি গেল কই। সেটা তো ১৯৮৬ সালেই সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে। যে জিনিস নাই সেটা নিয়ে তাদের আহাজারি।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের নেতা মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, মোফাজ্জল হোসেন চৌধুরী, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।
ছাত্রলীগের আনন্দ মিছিল: ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ মামলায় বাংলাদেশ জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গতকাল দুপুরে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে কলাভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ও বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ।