ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের রায় ২ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেদারল্যান্ডসের স্থায়ী সালিসি আদালত (পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন-পিসিএ) আগামী ২ জুলাই বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারণের রায় ঘোষণা করতে যাচ্ছেন।
গতকাল সোমবার চট্টগ্রামের নেভাল একাডেমিতে গ্রীষ্মকালীন কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এ তথ্য জানান।
জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম গতকাল প্রথম আলোকে বলেন, ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের রায় ঘোষণার ব্যাপারে পিসিএর পক্ষ থেকে গতকাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
নেদারল্যান্ডসের রাজধানী হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালতে ২০১৩ সালের ৯ থেকে ১৮ ডিসেম্বর সমুদ্রসীমা নির্ধারণের পক্ষে বাংলাদেশ ও ভারত যুক্তি-তর্ক উপস্থাপন করে। শুনানি শেষে আদালতের পক্ষ থেকে বলা হয়, ছয় মাস পর দুই নিকট প্রতিবেশীর সমুদ্রসীমা নির্ধারণের রায় দেওয়া হবে। আদালতের প্রক্রিয়া অনুযায়ী রায় ঘোষণার অন্তত এক সপ্তাহ আগে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা রয়েছে।
সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির জন্য ১৯৭৪ সালে আলোচনা শুরু করে ভারত ও মিয়ানমারের সঙ্গে আলোচনা শুরু করে বাংলাদেশ। এরপর প্রায় আড়াই দশক দুই নিকট প্রতিবেশীর সঙ্গে আলোচনা থেমে থাকে। আবার সমুদ্রসীমা বিরোধের আলোচনা শুরু হয় ২০০৮ সালের শুরুতে। প্রায় দুই বছর এ নিয়ে আলোচনার পর অগ্রগতি না হওয়ায় ২০০৯ সালের ৮ অক্টোবর সালিসি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ প্রক্রিয়ার অংশ হিসেবে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের জন্য বাংলাদেশ জার্মানির হামবুর্গভিত্তিক সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে (ইটলস) মামলা দায়ের করেছিল। ২০১২ সালের ১৫ মার্চ ইটলস বাংলাদেশের পক্ষে রায় দেন। সমতা ও ন্যায্যতার নীতি অনুসরণের মাধ্যমে আদালত এ রায় দেয়। এ রায়ের ফলে ভারতের সঙ্গেও একই নীতি অনুসরণে বাংলাদেশের দাবি প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।