ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের রায়ে বিলম্ব
নেদারল্যান্ডসের স্থায়ী সালিসি আদালতে (পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন-পিসিএ) বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা নির্ধারণের রায় ঘোষণা বিলম্বিত হচ্ছে। আদালতের কার্যবিধি অনুযায়ী গত জুন মাসে রায় ঘোষণার কথা ছিল। সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব গণমাধ্যমকে জানিয়েছিলেন, আজ বুধবার এ রায় ঘোষণা করা হবে। তবে আজ রায় হচ্ছে না।
ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের রায় কবে হবে, জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘ওই আদালতের প্রক্রিয়া অনুযায়ী রায় ঘোষণার অন্তত এক সপ্তাহ আগে রায়ের তারিখ সংশ্লিষ্ট পক্ষগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা। তবে ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের রায়ের তারিখের ব্যাপারে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত পিসিএর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে শিগগিরই এ রায় ঘোষণা করা হবে বলে ধারণা করছি।’
নেদারল্যান্ডসের রাজধানী হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালতে ২০১৩ সালের ৯ থেকে ১৮ ডিসেম্বর সমুদ্রসীমা নির্ধারণের পক্ষে বাংলাদেশ ও ভারত যুক্তি-তর্ক উপস্থাপন করে। শুনানি শেষে আদালতের পক্ষ থেকে বলা হয়, কার্যবিধির ১৫ ধারা অনুযায়ী, ছয় মাস পর এই দুই নিকট প্রতিবেশীর সমুদ্রসীমা নির্ধারণের রায় দেওয়া হবে।
তিন দশকের বেশি সময় ধরে আলোচনার পর মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি না হওয়ায় ২০০৯ সালের ৮ অক্টোবর সালিসি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ প্রক্রিয়ার অংশ হিসেবে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের জন্য বাংলাদেশ জার্মানির হামবুর্গভিত্তিক সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে (ইটলস) মামলা করেছিল। আর ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের মামলা করেছিল স্থায়ী সালিসি আদালতে। ২০১২ সালের ১৫ মার্চ ইটলস বাংলাদেশের পক্ষে রায় দেয়।