ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক পথে আছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম বৈঠকের পর দ্বিপক্ষীয় সম্পর্ক এখন ‘সঠিক পথে’ (রাইট ট্র্যাক) আছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনি গতকাল মঙ্গলবার তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ অভিমত দেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই প্রধানমন্ত্রীর মধ্যে ওই বৈঠক হয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে মোদি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।
গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত শেখ হাসিনা-নরেন্দ্র মোদির বৈঠককে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ, উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ বলে অভিহিত করেন মাহমুদ আলী। নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী হিন্দিতে কথা বলেছেন কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কী ভাষায় তাঁরা কথা বলেছেন সেটি গুরুত্বপূর্ণ নয়। তবে নরেন্দ্র মোদি হিন্দিতে আলোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আলোচনা ইংরেজি, বাংলা ও হিন্দিতে হতে পারে। আমরা সব সময় এটা করি। আমি যদি ভাষাটা জানি, আমিও সেটা ব্যবহার করব। এতে দোষের কিছু নেই। আমরা আলোচনার ফলটাকে দেখব। আলোচনা অত্যন্ত ভালো হয়েছে। বৈঠকের পর বলা যায়, দ্বিপক্ষীয় সম্পর্ককে নবদিগন্তে নয়, নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা সক্ষম হব।’
সফরসঙ্গী প্রসঙ্গ: ১৮২ জন সফরসঙ্গী নিয়ে প্রধানমন্ত্রী এবার নিউইয়র্ক গেছেন। বাংলাদেশের সরকারপ্রধানের বিদেশ সফরে সফরসঙ্গীর ক্ষেত্রে এ সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এত সফরসঙ্গীর যৌক্তিকতা বা সফরসঙ্গীরা কোন কোন বৈঠকে অংশ নিয়েছেন, সংবাদ সম্মেলনে বেশ কয়েকবার এমন প্রশ্ন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী জবাব দেওয়ার দায়িত্ব দেন পররাষ্ট্রসচিবকে।
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা ‘বিশিষ্ট ব্যক্তি’ হিসেবে অংশ নেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি পাঁচ দিনে ৫০টির বেশি বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা এসব বৈঠকে অংশ নেন।
ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সহসভাপতি জাতিসংঘের কোন বৈঠকে অংশ নিয়েছেন, সেটি সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি পররাষ্ট্রসচিব। তবে তিনি জানান, তাঁরা বাংলাদেশ-সংশ্লিষ্ট বৈঠকে অংশ নেন।
মধ্যবর্তী নির্বাচন নিয়ে কথা হয়নি: প্রধানমন্ত্রীর সঙ্গে গত শনিবার নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বৈঠকে মধ্যবর্তী নির্বাচনের প্রসঙ্গ আসেনি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। পররাষ্ট্রমন্ত্রী জানান, ৫ জানুয়ারির নির্বাচনের পর বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ ও স্থিতিশীলতা বিরাজ করায় জাতিসংঘের মহাসচিব প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।