ভারতের সঙ্গে সীমানা নির্ধারণে সফলতার কারণ বিশ্ব জানতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, যা এককথায় চমকপ্রদ।
গতকাল শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘ইউনিস্যাব মান-২০১৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ইউনাইটেড নেশন ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউনিস্যাব) রাজশাহী বিভাগীয় শাখা এই ছায়া জাতিসংঘ অধিবেশনের আয়োজন করেছে।
শাহরিয়ার আলম আরও বলেন, ‘সারা বিশ্ব আগ্রহভরে জানতে চায় কোনো রকম যুদ্ধবিগ্রহ ছাড়াই ভারতের সঙ্গে বাংলাদেশ স্থল ও সমুদ্রসীমা নির্ধারণে কীভাবে সফলতা বয়ে এনেছে; কীভাবে কৃষিবান্ধব নীতির কারণে এ দেশ এগিয়ে যাচ্ছে।’
‘সুশাসনের মাধ্যমে সুষম ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন’–এ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত অধিবেশনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ মামুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন ও ঢাকার জাতিসংঘ তথ্যকেন্দ্রের অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান। সঞ্চালনা করেন ‘ইউনিস্যাব মান-২০১৫’-এর ডিরেক্টর জেনারেল সরিৎ কাইয়ুম তালুকদার।
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনসহ ছয়টি সম্মেলনকক্ষে জাতিসংঘের এ ছায়া সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আগামী সোমবার পর্যন্ত এ সম্মেলন চলবে।