ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তার দল সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। তবে তার মূল ভিত্তি হবে পারষ্পারিক সমমর্যাদা।

ভারতের হাইকমিশনার পংকজ শরণ তার সঙ্গে দেখা করতে গেলে খালেদা জিয়া এ কথা বলেছেন বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। আজ বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ বৈঠক শেষে শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, পংকজ শরণ বলেছেন, ‘ভারত চায় বাংলাদেশের মানুষ নিজেদের আশাআকাঙ্খা অনুযায়ী সরকার নির্বাচিত করবে। এই সিদ্ধান্ত এদেশের জনগণই নেবে। ভারত কোন নির্বাচনের বিষয়ে বলেছে, সাংবাদিকেরা এই প্রশ্ন করলে শমসের মবিন বলেন, ‘সকল নির্বাচন’।
বৈঠকে ৫ জানুয়ারির নির্বাচন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক, বাণিজ্যিক কর্মকাণ্ড প্রভৃতি বিষয় আলোচনায় গুরুত্ব পায়।
দশম জাতীয় সংসদ নির্বাচনের পর খালেদা জিয়ার সঙ্গে এটাই পংকজের প্রথম সাক্ষাৎ। রাত সোয়া আটটায় শুরু হয়ে বৈঠকটি সোয়া ৯টা পর্যন্ত চলে।
বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, সাবিহউদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।

রওশন-পঙ্কজ বৈঠক
বিকেল পাঁচটার দিকে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার। তাঁরা প্রায় ৫০ মিনিট কথা বলেন। বৈঠক শেষে দুজনের কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রওশন-পংকজ বৈঠকের সময় জাপার দলীয় সাংসদ ফখরুল ইমাম উপস্থিত ছিলেন। এছাড়া কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসচিব গোলাম মসীহ ওই বৈঠকে উপস্থিত ছিলেন।