ভারতের সঙ্গে ২০০ কোটি ডলারের ঋণচুক্তি সই আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে ২০০ কোটি মার্কিন ডলারের চূড়ান্ত ঋণচুক্তি আজ বুধবার সই করছে বাংলাদেশ। ভারতের দেওয়া এই ঋণে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা) বাংলাদেশের অবকাঠামো ও সামাজিক খাতের উন্নয়নে ১৩টি প্রকল্প বাস্তবায়ন করা হবে।
আজ দুপুরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং ভারতের এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়ার (এক্সিম ব্যাংক) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক যাদুবেন্দ্র মাথুর নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করবেন।
এ নিয়ে ভারতের এক্সিম ব্যাংক থেকে দ্বিতীয় দফায় এ ধরনের ঋণ নিচ্ছে বাংলাদেশ। ২০১০ সালে বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ দিয়েছিল ভারতের বিশেষায়িত এই ব্যাংকটি। পরে ওই ঋণের ২০ কোটি ডলার বাংলাদেশকে মঞ্জুরি হিসেবে দেয় ভারত। ওই ঋণের টাকায় ১৫টি প্রকল্প নেওয়া হয়েছে, যার মধ্যে সাতটি পুরোপুরি বাস্তবায়িত হয়েছে এবং বাকিগুলোর বাস্তবায়নের কাজ চলছে।
এক্সিম ব্যাংক থেকে এই ঋণ নেওয়ার ব্যাপারে গত বছরের ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় দুই দেশ একটি সমঝোতা স্মারক সই করেছিল। এখন চূড়ান্ত চুক্তি সইয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইআরডির কর্মকর্তারা বলেন, ভারত থেকে ৬৫ থেকে ৭৫ শতাংশ পণ্য ও পরামর্শক সেবা নেওয়ার ব্যাপারে দুই পক্ষ রাজি হয়েছে।
এবারের চুক্তির ১৩টি প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেলওয়ের পার্বতীপুর-কাউনিয়া পর্যন্ত মিটার গেজ লাইনকে ডাবল গেজে রূপান্তর; খুলনা-দর্শনা ডাবল লাইন নির্মাণ; সৈয়দপুর রেল কারখানার উন্নয়ন; বড়পুকুরিয়া-বগুড়া-কালিয়াকৈর ৪০০ কেভি বিদ্যুৎ লাইন নির্মাণ; বিআরটিসির জন্য ৫০০ ট্রাক ও ৫০০ বাস (৩০০ দ্বিতল ও ২০০ আর্টিকুলেটেড) কেনা; সড়ক ও জনপথ বিভাগের জন্য যন্ত্রপাতি কেনা; চারটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট স্থাপন; ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, আশুগঞ্জ নৌ-কনটেইনার বন্দর স্থাপন এবং আশুগঞ্জ বন্দর-ডারকার-আখাউড়া স্থলবন্দর সড়ক উন্নয়ন এবং কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জে তথ্যপ্রযুক্তি পার্ক নির্মাণ।