ভারতের সঙ্গে 'অস্বচ্ছ' প্রক্রিয়ায় চুক্তির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে ‘অস্বচ্ছ’ প্রক্রিয়ায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি ও সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে সমাবেশ ও বিক্ষোভ হয়েছে। গতকাল রোববার শহীদ মিনারে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা ওই কর্মসূচি পালন করে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর যৌথ ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ সরকার জনমত উপেক্ষা করে সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। এটা দেশ ও জাতির জন্য হবে আত্মঘাতী ও দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব বিধি মেনে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কথা বলেছেন, অথচ ভারতের আইনেই প্রাকৃতিক বনাঞ্চলের ২৫ কিলোমিটারের মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিষিদ্ধ। অবিলম্বে এ নির্মাণকাজ বন্ধ করার দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, নরেন্দ্র মোদির সফরের সময় ভারতীয় কোম্পানি রিলায়েন্সের সঙ্গে তিন হাজার মেগাওয়াট এবং আদানি গ্রুপের সঙ্গে ১ হাজার ৬০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সমঝোতা চুক্তি করা হয়েছে; যা বিশেষ জ্বালানি (দায়মুক্তি) আইনের আওতায় আন্তর্জাতিক দরপত্র ছাড়াই করা হয়েছে। অতিরিক্ত উৎপাদন খরচের জন্য ভারত সরকার এই রিলায়েন্স ও আদানি গ্রুপকে বিদ্যুৎ উৎপাদন করতে দিচ্ছে না। তাই এখানে তাদের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ জাতীয় স্বার্থ পরিপন্থী।
সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সিপিবির জেলা সংগঠক দুলাল সাহা, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য জাকির হোসেন, বাসদের জেলা সংগঠক সেলিম মাহমুদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।