ভারতের সঙ্গে ‘দেশবিরোধী’ চুক্তির প্রতিবাদে কর্মসূচি চান বিএনপির নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে ‘দেশবিরোধী’ চুক্তির প্রতিবাদে কঠোর কর্মসূচি দেওয়ার জন্য বিএনপির নেত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন দলের নেতারা। একই সঙ্গে তাঁরা দলীয় নেত্রীর ঘোষিত যেকোনো কর্মসূচি পালনের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুঃসময়ে পরীক্ষিত ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ব্যানারে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা এ আহ্বান জানান। খালেদা জিয়া চেয়ারপারসন, তারেক রহমান জেষ্ঠ্য ভাইস চেয়ারম্যান ও খোন্দকার দেলোয়ার হোসেন বিএনপির মহাসচিব নির্বাচিত হওয়ায় গতকাল আনন্দ শোভাযাত্রা করার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। তবে ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে সেই আনন্দ শোভাযাত্রা বিক্ষোভ মিছিলে রূপ নেয়। মিছিলটি জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিঞা বলেন, প্রধানমন্ত্রী যে চুক্তি করেছেন তা জাতির জন্য হুমকি। বিএনপির চেয়ারপারসন এ জন্য কর্মসূচি দেবেন। জাতীয়তাবাদী সব শক্তিকে তা পালন করতে হবে। বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলে হাবিব উন নবী খান, শরাফউদ্দিন, এস এ খালেদা অংশ নেন।