ভারতের সন্ত্রাসী দাউদ মার্চেন্ট আবার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সন্ত্রাসী আবদুর রউফ ওরফে দাউদ মার্চেন্টকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তাঁকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবি জানিয়েছে।

২০০৯ সালের ২৬ মে ব্রাহ্মণবাড়িয়া থেকে এক সহযোগীসহ গ্রেপ্তার হয়েছিলেন দাউদ মার্চেন্ট। সম্প্রতি জামিনে বেরিয়ে আবারও তিনি গ্রেপ্তার হলেন। তিনি দুবাইভিত্তিক মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের অন্যতম সহযোগী। দাউদ মার্চেন্ট ভারতের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের কর্ণধার গুলশান কুমার হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া আসামি। ১৯৯৭ সালের ১২ আগস্ট মুম্বাইয়ে গুলি করে গুলশানকে হত্যা করা হয়।

কারাগার সূত্র জানায়, জাল পাসপোর্ট তৈরি ও অবৈধ অনুপ্রবেশের মামলায় বিচারের অপেক্ষায় কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন দাউদ মার্চেন্ট। ওই মামলায় তিনি জামিন পান।

ডিবি সূত্র জানায়, বর্ধমানে বিস্ফোরণ ঘটনার পর ভারত-বাংলাদেশে জঙ্গি ও মাফিয়া চক্রগুলো আরও একবার আলোচনায় আসে। এখন জঙ্গিদের সঙ্গে আন্তর্জাতিক মাফিয়া ও উলফার মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর সম্পর্ক খতিয়ে দেখছে দুই দেশের গোয়েন্দারা। এর মধ্যেই জামিনে বেরিয়ে ধরা পড়লেন দাউদ মার্চেন্ট।

ডিবি সূত্র জানায়, ডিবির একটি দল ২০০৯ সালে ব্রাহ্মণবাড়িয়া থেকে দাউদকে গ্রেপ্তার করে। বাংলাদেশে দাউদ ইব্রাহিমের নেটওয়ার্ক বিস্তারের জন্য ছোটা শাকিলের নির্দেশে পালিয়ে এ দেশে এসেছিলেন দাউদ মার্চেন্ট। ছোটা শাকিল দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগীদের একজন।