বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, দেশটির সব সরকারই একচোখা। এরা কেবল নিজেদের কথাই ভাবে। পাশের দেশে কী হলো, তা চিন্তা করে না। গতকাল রোববার বিকেলে রাজধানীর পূর্বাণী হোটেলে বিএনপি আয়োজিত ‘তিস্তার পানি বণ্টন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ভারতের সরকার কখনোই বাংলাদেশের ১৬ কোটি মানুষের কথা ভাববে না। তারা তাদের জনগণের কথাই ভাববে। বাংলাদেশের মানুষের কোনো মূল্যই তাদের কাছে নেই। তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে যে সরকার ক্ষমতায় আছে, তারা ভারতের কাছ থেকে কোনো কিছুই আদায় করতে পারবে না। ভারতের প্রতি অতিরিক্ত প্রেমে গদগদ হয়ে তারা সব উজাড় করে দিয়েছে। এখন তিস্তা বা অন্যান্য ইস্যুতে দর-কষাকষির কোনো হাতিয়ার আমাদের কাছে আর নেই।’
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘আমাদের বর্তমান শাসকেরা তিস্তা, সীমান্ত চুক্তি এ বিষয়গুলো নিয়ে চিন্তিত নয়। কারণ, তারা এ দেশের জনগণের আস্থার সরকার নয়। তারা কেবল ওই দেশের সমর্থনেই টিকে আছে। তাই তাদের খুশি করতেই কাজ করে যাচ্ছে।’
গোলটেবিল বৈঠকে সাবেক কূটনীতিক, পানি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক পানি আইন নিয়ে কর্মরত ব্যক্তিরা বলেন, ভারতের কাছ থেকে তিস্তার পানিসহ অন্য যেকোনো দাবি আদায়ের জন্য দেশের রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকতে হবে। এসব ব্যাপারে দলগুলোর মধ্যে জাতীয় সংহতি প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে ভারতের মতো দেশের কাছ থেকে ন্যায্য পাওনা আদায় করা সম্ভব হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক আদালতে মামলা করে এই সমস্যার সমাধান হবে না। জাতিসংঘের মাধ্যমে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে হবে। তবে এসবের জন্য সবার আগে দেশপ্রেমিক সরকারের প্রয়োজন।
বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মদ বলেন, সরকার পতনের জন্য রাজপথে আন্দোলন করতে হবে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে না। গোলটেবিলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাবেক রাষ্ট্রদূত মাসুদ আরিফ প্রমুখ বক্তব্য দেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আ ন হ আখতার হোসেন ও মো. সাব্বির মোস্তফা।