ভারতের সারদা কেলেঙ্কারিতে জামায়াতের নাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে সারদা গ্রুপের আর্থিক কেলেঙ্কারির ঘটনা তদন্তে বাংলাদেশের রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নাম এসেছে। সারদার অর্থ বাংলাদেশে এনে বিনিয়োগ ও এখান থেকে অন্য দেশে পাঠাতে জামায়াত নেতারা সহযোগিতা করেছিলেন বলে তদন্তে জানা গেছে। গতকাল শনিবার ভারতের হিন্দুস্তান টাইমস-এর এক খবরে এ কথা বলা হয়েছে।
সারদা কেলেঙ্কারির ঘটনা তদন্ত করছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংস্থাটির সূত্র জানায়, সারদার প্রধান সুদীপ্ত সেন ইডিকে জানিয়েছেন, তাঁদের জালিয়াতির অর্থের একটি অংশ বাংলাদেশের আবাসন খাতে বিনিয়োগ করা হয়। আর কিছু অর্থ বাংলাদেশ থেকে পশ্চিম এশিয়ার কয়েকটি দেশে পাঠানো হয়। উভয় ক্ষেত্রে সারদাকে সহায়তা করেন জামায়াতের নেতারা। বিনিময়ে তাঁরা কমিশন পান।
ইডির এক কর্মকর্তা বলেন, বাংলাদেশে পাঠানো অর্থের বড় অংশ আসে নগদ অর্থ হিসেবে। এরপর সেগুলো বাংলাদেশের মুদ্রায় রূপান্তর করা হয়। পরে তার কিছু অংশ রূপান্তর করা হয় পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের মুদ্রায়।
ইডির বিভিন্ন সূত্রের বক্তব্য অনুযায়ী, সুদীপ্ত সেন স্বীকার করেছেন যে সে দেশের রাজ্যসভার এক সদস্যের মাধ্যমে জামায়াতের নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। রাজ্যসভার ওই সদস্যকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে ইডি এবং ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)।
সারদার সঙ্গে জামায়াতের সম্পর্কের বিষয়টি নিয়ে বাংলাদেশের তদন্ত সংস্থাগুলো কাজ শুরু করেছে বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর ইডি সম্ভবত তাদের বাংলাদেশের সংশ্লিষ্ট তদন্ত সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে বলে হিন্দুস্তান টাইমস-এর খবরে উল্লেখ করা হয়েছে।
জামায়াতের বক্তব্য: এ বিষয়ে জানতে চাইলে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের একজন সদস্য গতকাল প্রথম আলোকে বলেন, এ ধরনের একটি ভিত্তিহীন রিপোর্ট এর আগেও প্রকাশিত হয়েছিল। আমরা এর প্রতিবাদ জানিয়েছি।