স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, সীমান্ত থেকে মাত্র ২০ থেকে ৪০ কিলোমিটারের মধ্যে ভারতে ওষুধ কোম্পানির নামে ৪০টি ফেনসিডিলের কারখানা গড়ে উঠেছে। এসব কারখানার ফেনসিডিল সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে। গতকাল বুধবার যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, মাদক থেকেই খুন, চাঁদাবাজি ও ধর্ষণসহ সব সন্ত্রাসের জন্ম। মাদকের আগ্রাসন থেকে মুক্তির জন্য প্রশাসনের পাশাপাশি জনগণকেও সক্রিয় হতে হবে। কমিটির মাসিক সভায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘রাজনীতি দুর্বৃত্তদের হাতে চলে গেলে তাঁরা যেনতেনভাবে সম্পদের মালিক হতে চান। তখন তাঁরা মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্য গড়ে তোলেন।’ জাতীয় সংসদের হুইপ আবদুল ওহাব বলেন, ‘ক্রসফায়ার চালু ছিল বলে মানুষ স্বস্তিতে ঘুমাতে পেরেছে। আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। কিন্তু এখন মানবাধিকার কর্মীরা এর বিরোধিতায় নেমেছেন।’ হুইপ আরও বলেন, সন্ত্রাসীদের হাতে যদি মানবাধিকার সংস্থার কেউ মারা যেতেন, তাহলে তাঁরা এর বিরুদ্ধে বলতেন না।জেলা প্রশাসক নূরুল আমিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যশোর সদর আসনের সাংসদ খালেদুর রহমান, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাংসদ মোস্তফা ফারুক মোহাম্মদ, বিভাগীয় পুলিশ কর্মকর্তা (ডিআইজি) শেখ হিমায়েত হোসেন, পুলিশ সুপার দিদার আহম্মেদ, ২২ রাইফেলস ব্যাটালিয়নের ক্যাপ্টেন গালিব মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা, সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, চেম্বার অব কর্মাসের সভাপতি শহিদুল ইসলাম, যশোর প্রেসক্লাবের সভাপতি একরাম-উদ-দৌলা প্রমুখ।