ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে নিহত বাংলাদেশের কিশোরী ফেলানী খাতুন হত্যা মামলার বিচারে সন্তুষ্ট নয় কলকাতার মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম)। তাই হত্যায় জড়িতদের সুষ্ঠু বিচারের দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলো ডটকমকে এ কথা জানিয়েছেন মাসুম-এর প্রধান নির্বাহী কিরিটী রায়। তিনি বলেন, ফেলানী হত্যাসংক্রান্ত মামলায় বিএসএফের বিশেষ আদালতের দেওয়া রায় তাঁরা মেনে নিতে পারেননি। বিএসএফের বিশেষ আদালত এই মামলায় ফেলানীকে গুলিবর্ষণকারী বিএসএফের কনস্টেবল অমিয় ঘোষকে খালাস দিয়েছেন। রায়ে অমিয় ঘোষকে নির্দোষ বলা হয়েছে। তাই এই রায়ের বিরুদ্ধে এবার ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়েরের উদ্যোগ নিয়েছে মাসুম।
মাসুমের প্রধান আরও বলেন, বিএসএফের কাছ থেকে ফেলানী হত্যা মামলায় কোনো নথি পাওয়া কষ্টকর। তাই তাঁরা চাইছেন ফেলানীকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ইনকোয়েস্ট বা সুরতহাল প্রতিবেদন এবং ময়নাতদন্তের প্রতিবেদনের একটি করে ফটোকপি। এতে করে তাঁরা এর ওপর ভিত্তি করে মামলা দায়েরের উদ্যোগ নিতে পারেন। তিনি বলেন, প্রয়োজনীয় নথিগুলোর ফটোকপি পেতে মাসুমের পক্ষ থেকে ফেলানীর বাবা নুরুল ইসলাম, আইনজীবী আব্রাহাম লিংকনের সঙ্গে যোগাযোগও করা হয়েছে।
কিরিটী রায় বলেন, মামলা দায়েরের প্রয়োজনীয় তথ্য তাঁরা এখন খোঁজ করছেন। পেলেই তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।
গোপনীয়তা ও কড়া নিরাপত্তার মধ্যে গত ১৩ আগস্ট থেকে পশ্চিমবঙ্গের কোচবিহারে শুরু হয় ফেলানী হত্যার বিচার। কোচবিহার শহর থেকে ১০ কিলোমিটার দূরে সোনারীতে বিএসএফের ১৮১ ব্যাটালিয়নের হেড কোয়ার্টারে বিশেষ আদালতে চলে এই বিচারকার্য। ফেলানীর বাবা নুরুল ইসলাম এবং মামা আবদুল হানিফের সাক্ষ্য গ্রহণ করা হয়। এ ছাড়াও সাক্ষ্য নেওয়া হয় বিএসএফ কনস্টেবল অমিয় ঘোষসহ হত্যাস্থলের আশপাশের এলাকার মানুষজনের।
১৫ বছর বয়সী কিশোরী ফেলানী ২০১১ সালের ৭ জানুয়ারি তার বাবা নুরুল ইসলামের সঙ্গে ভারত থেকে দেশে ফিরছিল। তাঁদের কাছে কোনো বৈধ পাসপোর্ট না থাকায় সকাল ছয়টার দিকে দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়া বাঁশের মই দিয়ে পার হওয়ার উদ্যোগ নেয়। ফেলানীর বাবা কাঁটাতারের বেড়া পার হতে পারলেও আটকে পড়ে সে। ওই সময় টহলরত বিএসএফের কনস্টেবল অমিয় ঘোষ তাকে দেখে গুলি চালান। ফেলানী গুলি খেয়ে কাঁটাতারে ঝুলে পড়ে। ওই অবস্থায় তার লাশ চার ঘণ্টা ঝুলে ছিল। এ ঘটনায় বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।