ফেলানী হত্যা মামলার রিট আবেদনের শুনানি ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইচ এল দত্তের আদালতে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এ মামলায় ভারতের নিয়োগ করা আইনজীবী অপর্ণা ভাট ই-মেইল বার্তায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিকে এসব কথা জানিয়েছেন।
অপর্ণা ভাটকে উদ্ধৃত করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি আরও বলেছে, আদালত ওই মামলা গুরুত্বের সঙ্গে নিষ্পত্তির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এবং পূর্ণাঙ্গ রায় প্রকাশের আশাবাদ ব্যক্ত করেন। শুনানিতে মামলাটির ১ নম্বর আবেদনকারী (পিটিশনার) নূর ইসলামকে (ফেলানীর বাবা) অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ দেওয়ার জন্য আরেকটি আবেদন করা হয়।
ফেলানীর বাবা নূর ইসলাম এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী যথাক্রমে ১ নম্বর ও ২ নম্বর আবেদনকারী হিসেবে উপরোক্ত রিট পিটিশন ২০১৩ সালে ভারতের সুপ্রিম কোর্টে দায়ের করেন।
এ বিষয়ে সালমা আলী বলেন, একজন আইনজীবী হিসেবে এবং উপরোক্ত রিট পিটিশনার হিসেবে তিনি আশা করেন, এ মামলায় ফেলানীর বাবা ন্যায়বিচার পাবেন এবং বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের হত্যা বন্ধ হবে। এ মামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বারবার সময় নিচ্ছিল। তবু ন্যায়বিচার আশা করা হচ্ছে। ভারতের সুপ্রিম কোর্ট আগেও এ ধরনের রায় দিয়েছেন।
২০১১ সালের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হয় বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন। ২০১৩ সালে কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার শুরু হয়। অভিযুক্ত অমিয় ঘোষকে বেকসুর খালাস দেন ওই আদালত। ওই রায়ের বিরুদ্ধে ফেলানীর বাবা ভারতীয় আদালতে রিট পিটিশন করেন। তারই শুনানি হলো গতকাল।