৩০টিরও বেশি নদীর সংযোগ ও গতিপথ পরিবর্তনের বিষয়ে ভারতের সুুপ্রিম কোর্টের নির্দেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন ও নদী বিশেষজ্ঞ আইনুন নিশাত।এই নির্দেশ বাস্তবায়ন করা হলে বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ, গঙ্গা ও ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তনের পরিকল্পনা রয়েছে ভারতের।ব্রহ্মপুত্র বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এর উজানে বাঁধ দেওয়া হলে বাংলাদেশ ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে।বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন গত শুক্রবার বিবিসিকে বলেছেন, ‘আমরা কখনোই এ ধরনের কোনো প্রকল্প বাস্তবায়নে রাজি হব না। কারণ, এই নদীগুলোর পানির ওপর আমাদের দেশের কৃষি, অর্থনীতি ও অসংখ্য মানুষের জীবন-জীবিকার প্রশ্ন জড়িত। এই দুটি নদীর গতিপথ পরিবর্তনের কথা আমরা কল্পনাও করতে পারি না।’নদী বিশেষজ্ঞ আইনুন নিশাত বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত মনে করে, এই নদীগুলোর প্রবাহ তাদের সীমান্তে বন্ধ করে দেবে। এতে বাংলাদেশে কোনো বিরূপ প্রভাব পড়বে না। তারা (ভারত) সব সময়ই চিন্তা করে আসছে, ব্রহ্মপুত্রের উদ্বৃত্ত পানি রয়েছে। কিন্তু তারা একবারও ভাবেনি যে এই নদীর ভাটিতে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম দেশ আছে। এই দেশটিরও পানির প্রয়োজন আছে।নেপালের বিশেষজ্ঞরা বলেছেন, সে দেশের বিবদমান রাজনৈতিক অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে ভারত সে দেশের সঙ্গে নদীর বাঁধ নির্মাণ ও নদীর গতিপথ ঘুরিয়ে দেওয়ার যৌথ প্রকল্প হাতে নেবে। নেপালের জ্বালানিমন্ত্রী পস্তা বাহাদুর বোগাতি বলেছেন, এই বিষয়ে তিনি কোনো সরকারি তথ্য পাননি। বিবিসি অনলাইন।