ভারতের সেনাপ্রধান ঢাকায়, ইকবাল করিমের সঙ্গে সাক্ষাৎ
দুই দিনের সফরে গতকাল সোমবার বাংলাদেশে এসেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল দলবীর সিং। ঢাকায় পৌঁছে তিনি সেনা সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ এবং পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই সেনাপ্রধান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, গতকাল বিকেল পাঁচটায় বিশেষ বিমানে বঙ্গবন্ধু বেইজ কুর্মিটোলা, ঢাকায় অবতরণ করেন দলবীর সিং। তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. মাহফুজুর রহমান। জেনারেল দলবীর সিং চার সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
ভারতের সেনাপ্রধান ঢাকায় পৌঁছার পর ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি সেখানে একটি গাছের চারাও রোপণ করেন।
ভারতের সেনাপ্রধান আজ মঙ্গলবার চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠেয় ৭২তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৪৩তম বিএমএ স্পেশাল কোর্সের ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করবেন। আজই তিনি দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।