ভারতের সেনাবাহিনী প্রধান কাল ঢাকায় আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল ভি কে সিং পাঁচ দিনের সফরে আগামীকাল রোববার ঢাকায় আসছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য উপহারস্বরূপ দুটি হাউইটজার কামান ও ৫০টি কম্পিউটার নিয়ে আসবেন। খবর বাসসের।গতকাল শুক্রবার নয়াদিল্লিতে ভারতীয় সেনা কর্মকর্তারা জানান, সেনাপ্রধান তাঁর সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণের জন্য দুটি হাউইটজার কামান ও ৫০টি কম্পিউটার-সজ্জিত একটি আধুনিক ল্যাব উপহার দেবেন। তাঁরা জানান, ৩ দশমিক ৭ ইঞ্চি হাউইটজার কামান বাংলাদেশ সেনাবাহিনীর গোলন্দাজ বাহিনীর প্রথম ইউনিটের অংশ ছিল এবং তাঁরা এটা প্রদানের জন্য ভারতীয় সেনাবাহিনীকে অনুরোধ জানিয়েছিলেন।ভারতের সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীকে পাহাড়ে প্রশিক্ষণের জন্য একটি ‘রক ক্লাইম্বিং ওয়াল’ও উপহার দেবেন। ১৯৭১ সালের রাজপুত রেজিমেন্টের কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তা জেনারেল সিং বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি ওই সময় কক্সবাজার, ফেনীসহ বেশ কয়েকটি এলাকায় অভিযানে অংশ নিয়েছিলেন।জেনারেল সিং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবিনের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন।