ভারতের সেভ হোম থেকে দেশে ফিরল ১১ শিশু
দীর্ঘদিন ভারতে সেভ হোমে আটক থাকার পর দেশে ফিরেছে ১১ বাংলাদেশি শিশু। গত মঙ্গলবার বেলা একটায় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অবস্থিত ‘শোভায়ন’ নামের ওই সেভ হোম কর্তৃপক্ষ ভারতের হিলির ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে শিশুদের হস্তান্তর করে। পরে অভিভাবকদের কাছে ওই শিশুদের তুলে দেওয়া হয়।
দেশে ফেরা শিশুরা হলো চট্টগ্রামের জুনাইদ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লৌহফতেপুর গ্রামের আবু কাউছার, ঢাকার নবাবগঞ্জ উপজেলার গোসাইল গ্রামের আকাশ হোসেন, বগুড়া শহরের খন্দর বাজার এলাকার সোহেল শেখ, দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্ত্যপুর গ্রামের হামিদুল ইসলাম, দিনাজপুর শহরের ছোট্ট গুড়গোলা এলাকার রবিউল ইসলাম, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মাস্টারপাড়ার সুমন হোসেন খান, নাটোর সদরের উত্তরবারগাছি-পালপাড়া গ্রামের হাবিবুল হাসান, সিলেট সদর উপজেলার মণ্ডলকাটা গ্রামের রুবেল হোসেন, ঢাকার খিলগাঁও রেলগেট এলাকার শাওন হোসেন এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লালদীঘি গ্রামের বিকাশ মার্ডি।