ভারতের হেরোইন আসছে বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে উৎপাদিত হেরোইন আসছে বাংলাদেশে। যাচ্ছে শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, কানাডা ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার অন্যান্য দেশেও। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের মাদক প্রতিবেদন ২০১৪ প্রকাশ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। এতে বলা হয়, ভারতের উৎপাদিত হেরোইনের দাম ওই অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় বেশ কম। নিম্নমানের হেরোইনগুলো ভারতের স্থানীয় বাজারে বিক্রি হয়। আর ভালো মানের হেরোইন চলে যায় বাইরের দেশে।
প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে উৎপাদন হওয়ার পাশাপাশি দক্ষিণ-পশ্চিম এশিয়ার আরও কয়েকটি দেশ থেকে হেরোইন ভারতে আসে। সেখান থেকে সেগুলো চলে যায় ইউরোপ, আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে।
প্রতিবেদনের তথ্যমতে, ২০১১ সালে ভারতে জব্দ করা হেরোইনের মধ্যে ৪৫ শতাংশ ছিল দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলো থেকে আসা। আর অবশিষ্টগুলোর মধ্যে ৫৪ শতাংশ ভারতের ভূখণ্ডেই উৎপাদিত।