ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করবেন রাজনাথ
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মাস খানেকের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করবেন। পার্শ্ববর্তী দেশ থেকে কথিত অবৈধ অভিবাসন একটি বড় উদ্বেগের বিষয় হয়ে যাওয়ায় বিদ্যমান পরিস্থিতি দেখতেই এই পরিদর্শন বলে জানান রাজনাথ। ভারতের সংবাদভিত্তিক টিভি চ্যানেল এনডিটিভির অনলাইন সংস্করণে গতকাল বুধবার এ খবরটি প্রকাশিত হয়।
রাজনাথ গতকাল নয়াদিল্লিতে ভারতের আসাম রাজ্যের অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের (আসু) এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে সীমান্ত এলাকায় সফরের ঘোষণা দেন। তিনি বলেন, ‘এক মাসের মধ্যেই আমি ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করব। সীমান্তের পরিস্থিতি আমি দেখতে চাই। অবৈধ অভিবাসন বন্ধ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
রাজনাথ বলেন, ‘অবৈধ অভিবাসন বন্ধ করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেব। যেসব ফাঁকফোকর আছে তা বন্ধ করা হবে।’
‘আসাম চুক্তির ৩০ বছর: বিষয়, প্রতিবন্ধকতা ও বাস্তবায়ন’ শীর্ষক ওই সেমিনারে রাজনাথ বলেন, ‘যারা ভারতীয় কেবল তারাই ভারতে থাকবে।’
ভারত সরকারের সঙ্গে ১৯৮৫ সালে আসু ‘আসাম চুক্তি’ করে। আসামে থাকা অবৈধ অভিবাসীদের চিহ্নিত এবং তাদের ফেরত পাঠানোর উদ্দেশ্য নিয়েই ওই চুক্তি স্বাক্ষরিত হয়।