শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান না করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সকাল থেকে দুপুর পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন। এ সময় শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবি জানান এবং তাঁর কার্যালয়ের দরজা-জানালার কাচ ভাঙচুর করেন।শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইনস্টিটিউটের শেষ বর্ষের শিক্ষার্থীদের প্রতিবছরই বিদায় অনুষ্ঠান হয়। কিন্তু এ বছর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান না করার জন্য জানিয়ে দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। প্রতিষ্ঠানে আটটি বিভাগের শেষ বর্ষে প্রায় এক হাজার শিক্ষার্থী রয়েছেন। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বছর বিদায় অনুষ্ঠান না করার সিদ্ধান্ত গতকাল জানিয়ে দেওয়ার পর পরই শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, প্রতিবছরই এ অনুষ্ঠান হয়। এটা তাঁদের প্রাণের দাবি। এ ছাড়া ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম রয়েছে বলে ওই শিক্ষার্থী অভিযোগ করেন। এসব নানা কারণে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। শেষ বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে অন্যান্য বিভাগের সাধারণ শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আকবর খান বলেন, ‘বিদায় অনুষ্ঠান করতে গেলে অর্থের প্রয়োজন। আর এ অর্থ কলেজের তহবিলে না থাকায় অনুষ্ঠান করতে চাইনি। উদ্ভূত পরিস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে, শেষ বর্ষের শিক্ষার্থীদের বিভাগ অনুযায়ী পৃথক পৃথক বিদায় অনুষ্ঠান করা হবে।’