কুমিল্লার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজে তিন দফা ‘ভারপ্রাপ্ত’ অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন প্রাণীবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিবতোষ নাথ। দীর্ঘদিন অধ্যক্ষ না থাকার কারণে কলেজের সার্বিক কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছেন। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ২০০৯ সালের ২ এপ্রিল প্রাণীবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিবতোষ নাথ ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেন। একই বছরের ২৩ জুলাই পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি। ২০১০ সালের ১৩ মার্চ থেকে ২০১১ সালের ১১ আগস্ট পর্যন্ত দ্বিতীয় মেয়াদে এবং ২০১১ সালের ৩ অক্টোবর থেকে এখন পর্যন্ত শিবতোষ নাথ ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। মাঝখানে প্রায় সাত মাস অধ্যাপক আলী আজম ও ৫৩ দিন অধ্যাপক নারায়ণ চক্রবর্তী অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। জানা যায়, ১৯৬৮ সালে দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬ সালের ২৪ অক্টোবর কলেজটি জাতীয়করণ করা হয়। বর্তমানে এ কলেজে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পাস কোর্স মিলিয়ে দুই হাজার ৫০০ জন শিক্ষার্থী রয়েছেন। কলেজে রয়েছে ৩২ আসনের একটি ছাত্রাবাস। এ কলেজে অধ্যক্ষের একটি পদ, সহকারী অধ্যাপকের ছয়টি ও প্রভাষকের ২৬টিসহ মোট ৩৩টি পদ রয়েছে। বর্তমানে সহকারী অধ্যাপকের একটি এবং প্রভাষকের আটটি পদ খালি। ইসলামের ইতিহাস বিভাগে প্রভাষকের দুটি পদের মধ্যে দুটিই শূন্য। অর্থনীতি বিভাগে প্রভাষকের একটি, ব্যবস্থাপনা, গণিত, পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে একটি করে পদ শূন্য। রসায়ন বিভাগে সহকারী অধ্যাপকের একটি পদ শূন্য রয়েছে। এ ছাড়া তৃতীয় শ্রেণীর কর্মচারী ও এমএলএসএসের শূন্য পদ রয়েছে ১০টি। ইসলামের ইতিহাস বিষয়ের একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দীর্ঘদিন যাবৎ প্রভাষকের পদে কেউ নেই। ইতিহাস বিভাগের শিক্ষক আমাদের ক্লাস নেন।’ শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ না থাকায় একটি ছাত্রসংগঠনের নেতারা একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে গত বছরের ২৭ জুন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্ছিত করেন। দীর্ঘদিন অধ্যক্ষ না থাকায় ছাত্রসংগঠনগুলো বেপরোয়া হয়ে উঠেছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিবতোষ নাথ বলেন, ‘শূন্য পদগুলো পূরণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে জানানো হয়েছে। অধ্যক্ষ না থাকায় আমাকে গত চার বছরে তিন দফা ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করতে হয়েছে। ইসলামের ইতিহাস বিষয়ে প্রভাষকের দুটি পদই খালি। আমরা ইতিহাসের শিক্ষক দিয়ে কোনোরকমে ক্লাস চালিয়ে যাচ্ছি।’