ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়েই চলছে দায়সারা কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজের মাঠে একদল ছাত্র ক্রিকেট খেলছে। কয়েকজন ছাত্র শ্রেণিকক্ষের সামনে দাঁড়িয়ে মুঠোফোনে ফেসবুক ঘাঁটছে। আরেক দল ছাত্রী গ্রন্থাগার ভবনের বারান্দায় বেঞ্চে বসে আড্ডা দিচ্ছে। অফিসের সামনে দাঁড়িয়েও গল্প করছে কয়েকজন ছাত্রী। গত রোববার সকাল ১০টা ২০ মিনিটে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া সরকারি শাহ-এয়তেবারিয়া কলেজের চিত্র এটি।
তখনো কলেজে কোনো শিক্ষক আসেননি। কলেজের প্রধান ফটকের সামনে টুল নিয়ে বসে আছেন একজন নিরাপত্তাপ্রহরী। শ্রেণিকক্ষের সামনে দাঁড়ানো একাদশ শ্রেণির শিক্ষার্থী এমরান হোসেন। কখন ক্লাস, জিজ্ঞাসা করতেই বলল, ‘ক্লাস শুরুর কোনো সময় নেই। ক্লাসের রুটিনও এখনো জানি না। স্যাররা যখন আসেন, তখনই ক্লাস শুরু হয়।’
গ্রন্থাগারের সামনে বসে থাকা শিক্ষার্থী তানিয়া নাসরিন বলল, ‘কলেজে কোনো ক্লাসই সময়মতো শুরু হয় না। এ কারণে আমি মাসে দু-এক দিন কলেজে আসি।’ বগুড়া শহরের নারুলি এলাকায় এ শিক্ষার্থীর বাড়ি। এবার অনলাইনে ভর্তির কারণেই তাকে এ কলেজে ভর্তি হতে হয়েছে।
একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারজানা আকতার বলল, ‘ভর্তির পর থেকে প্রায় দিনই কলেজে আসি। দু-একটি ক্লাস হয়, তবে বিজ্ঞানের কোনো ব্যবহারিক ক্লাস হয়নি।’ খেলা বন্ধ করে একদল শিক্ষার্থী অভিযোগ করে, ইংরেজির স্যার নেই। তাই গত সাত মাসে ইংরেজির ক্লাস হয়নি।
১০টা ৪০ মিনিটে গণিতের স্যার কলেজে ঢুকেই মাঠ থেকে শিক্ষার্থীদের ডেকে নিয়ে ক্লাসে গেলেন। ক্লাস শেষে শিক্ষক বিশ্রামাগারে কথা হলো তাঁর সঙ্গে। শিক্ষক আলমাস আলী বলেন, ‘কলেজের অধ্যক্ষের পদ দীর্ঘদিন শূন্য। আমাদের মধ্যে থেকে জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়েছে প্রশাসন। কলেজের অধ্যক্ষ না থাকলে প্রশাসনিক কর্মকাণ্ড এ রকমই হবে।’
বিশ্রামাগারে বাংলা বিভাগের শিক্ষক শাফিউল আলম বলেন, ‘আসলে এই মফস্বলে কোনো শিক্ষক আসতে চান না। আমার বিভাগে সহকারী অধ্যাপকের পদে দুই মাস আগে রংপুর সরকারি কারমাইকেল কলেজের শিক্ষক পদায়ন নিয়ে এ কলেজে যোগ দেন। তারপরই তদবির করে কয়েক দিনের মাথায় তিনি চলে গেছেন।’
এদিন মাত্র চারজন শিক্ষক কলেজে আসেন। নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক বলেন, অধ্যক্ষ নিজেই সময়মতো আসেন না। তিনি আর কাকে কী বলবেন। তিনি আরও বলেন, রুটিনে যাঁর ক্লাস থাকে, তিনিই সেদিন কলেজে আসেন।
কলেজসূত্রে জানা গেছে, ইন্টারমিডিয়েট এ কলেজে শিক্ষকের ১৩টি পদের মধ্যে অধ্যক্ষ পদসহ ইংরেজি, জীববিদ্যা, হিসাববিজ্ঞান, পৌরনীতি ও বাংলার সহকারী অধ্যাপকের পদে কোনো শিক্ষক নেই। বিজ্ঞান বিভাগের প্রদর্শকের তিনটি পদ, করণিকের তিনটি পদ, অফিস সহকারীর একটি পদ, হিসাবরক্ষকের একটি পদ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের একটি পদ, গ্রন্থাগারিকের একটি পদ ও পিয়নের চারটি পদ শূন্য রয়েছে। একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ৫৭ জন, মানবিক বিভাগে ৮০ জন শিক্ষার্থী রয়েছে এবং বাণিজ্য বিভাগে ছয়জন শিক্ষার্থী ভর্তি হলেও ক্লাস না হওয়ায় ছাড়পত্র নিয়ে অন্যত্র চলে গেছেন। কলেজটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৮৮ সালে সরকারি হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিল্পী আকতার দুপুর পৌনে ১২টার দিকে কলেজে আসেন। দেরিতে আসা নিয়ে বলেন, বগুড়া শহর থেকে প্রতিদিন আসতে হয়। আজ ছোট বাচ্চার কারণেই একটু দেরি হয়ে গেছে। তিনি আরও বলেন, কলেজের শিক্ষক-কর্মচারীর পদ শূন্য থাকায় এ সমস্যা মেটানো যাচ্ছে না। প্রতি মাসে ডিজি অফিসে তথ্য পাঠানো হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নজর নেই।