ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়েই চলছে ১০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে ১০ বছর ধরে চলছে পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ। এই সময়ের মধ্যে বিভিন্ন কারণে পাঁচবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিবর্তন করা হলেও অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়নি। এতে কলেজের প্রশাসনিক ও শিক্ষা-কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিযোগ করেছেন। কলেজের সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, কলেজটি প্রতিষ্ঠা হয় ১৯৭২ সালে। এ সময় অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় মো. সোহরাব আলীকে। তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর ২০০১ সালে তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে তাঁকে বরখাস্ত করা হয়। এ বছরই প্রথম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয় ইতিহাস বিভাগের অধ্যাপক খলিলুর রহমানকে। তিনি দায়িত্ব গ্রহণের কিছুদিন পরই কলেজ পরিচালনা পর্ষদ তাঁকে সরিয়ে দেয়। দ্বিতীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আক্কাস হোসেন। তিনি দায়িত্ব নেওয়ার পর ব্যক্তিগত রেষারেষিতে একজন শিক্ষককে কলেজ থেকে বরখাস্ত করেন। এতে সাধারণ ছাত্রছাত্রী ও শিক্ষকেরা তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের আন্দোলনের পরিপ্র্রেক্ষিতে ২০০৪ সালের ২৯ জানুয়ারি তিনি পদত্যাগ করেন। এরপর পরিচালনা পর্ষদ মো. মেকাইল হোসেনকে তৃতীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়। তিনিও বেশিদিন টিকতে না পেরে ২০০৪ সালের ডিসেম্বর মাসে পদত্যাগ করেন। এরপর ভারপ্রাপ্ত অধ্যক্ষের সংকট দেখা দিলে কলেজের পরিচালনা পর্ষদ ২০০৫ সালে প্রভাষক হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়। তাঁর বিরুদ্ধে অনিয়মতান্ত্রিক নিয়োগের অভিযোগ উঠলে জাতীয় বিশ্ববিদ্যালয় তাঁকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দেয়। ২০০৭ সালে পঞ্চম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান ইংরেজি বিভাগের প্রভাষক শামসুর রহমান। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। একাধিক শিক্ষক ও শিক্ষার্থীর অভিযোগ, কলেজটিতে একজন উপাধ্যক্ষ ও আটজন সহকারী অধ্যাপক কর্মরত থাকা সত্ত্বেও একজন প্রভাষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটি অনিয়মতান্ত্রিক। তিনি সঠিকভাবে কলেজ পরিচালনা করতে ব্যর্থ হচ্ছেন। তাঁর কর্মদক্ষতার অভাবে কলেজের প্রশাসনিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ায় শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ছে। একাধিক অভিভাবক ও শিক্ষার্থী অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবে কলেজটিতে বারবার অধ্যক্ষ পরিবর্তন করা হচ্ছে। যখন যে দল ক্ষমতায় থাকছে, তখন তাদের পছন্দমতো অধ্যক্ষ নিয়োগ দিয়ে কলেজ পরিচালনার ক্ষমতা দখল করা হচ্ছে। ফলে কোনো ভারপ্রাপ্ত অধ্যক্ষই বেশি সময় দায়িত্বে থাকতে পারছেন না। রাজনৈতিক কারণে অধ্যক্ষও নিয়োগ দেওয়া হচ্ছে না। ফলে বারবার অধ্যক্ষ পরিবর্তন ও রাজনৈতিক হস্তক্ষেপে কলেজটির প্রশাসনিক কর্মকাণ্ড ও শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুর রহমান প্রথম আলোকে বলেন, শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দল ও রাজনৈতিক হস্তক্ষেপে অধ্যক্ষ নিয়োগে জটিলতার সৃষ্টি হয়েছিল। তিনি দায়িত্ব নেওয়ার পর এই জটিলতা অনেকটাই নিরসন হয়েছে। নতুন অধ্যক্ষ নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। অতি সত্বর নিয়োগ সম্পন্ন হবে। একই কথা বলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. আবদুল কাদের।