ভারপ্রাপ্ত অধ্যক্ষ ১২টি কলেজেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ১২টি কলেজ এক বছর ধরে চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে। এসব কলেজ প্রতিষ্ঠার পর থেকে অধ্যক্ষ পদে কোনো স্থায়ী নিয়োগ হয়নি। বিভিন্ন সরকারি কলেজের শিক্ষককে প্রেষণে এবং চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয় এসব পদে। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আলম নিজামী প্রথম আলোকে বলেন, ‘আমরা আগামী বছরের জানুয়ারিতে অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি দেব। এর আগেই নিয়োগের প্রস্তুতি নিয়েছিলাম আমরা। কিন্তু নিয়োগ-প্রক্রিয়া ও কমিটির বিষয়ে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সময় লেগেছে। একই সময়ে নিয়োগ কমিটির সব সদস্যের উপস্থিতি নিশ্চিত করাও সময়সাপেক্ষ ব্যাপার। ’সিটি করপোরেশনের শিক্ষক নিয়োগ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন করপোরেশনের মেয়র। এ ছাড়া কমিটিতে বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়, মহাপরিচালকের (শিক্ষা) প্রতিনিধিকে রাখা হয়। করপোরেশনের শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, ১৯৯৫ সালের দিকে সিটি করপোরেশনের কলেজ প্রতিষ্ঠা হয়। প্রথমে চারটি এবং পরবর্তীকালে অন্যান্য কলেজ প্রতিষ্ঠা হয়। তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সময় এসব কলেজে দুভাবে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। সরকারি কলেজের সহযোগী অধ্যাপক পদমর্যাদার শিক্ষককে প্রেষণে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়। তাঁরা পদোন্নতি পেলে আবার নিজ কর্মস্থলে ফিরে যেতেন। অপরদিকে, সরকারি কলেজ থেকে অবসরে যাওয়া অধ্যক্ষদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ২০১১ সালে বর্তমান মেয়র মোহাম্মদ মন্জুর আলম দায়িত্ব নেওয়ার পরে এসব নিয়োগ বাতিল হয়ে যায়। এরপর সিটি করপোরেশনের কলেজগুলোর সংশ্লিষ্ট জ্যেষ্ঠতম শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে করপোরেশন গত ২০১০ সালের ৯ ডিসেম্বর অধ্যক্ষ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। গত বছরের ৩ নভেম্বর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু এতে কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। ফলে ওই নিয়োগ পরীক্ষা বাতিল হয়ে যায়।জানা যায়, সিটি করপোরেশনের ১২টি কলেজে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা বিষয়ে পাঠদান করা হয়। এর মধ্যে পাঁচটি ডিগ্রি ও সাতটি উচ্চমাধ্যমিক কলেজ রয়েছে। এসব কলেজে বর্তমানে ৩৬০ জন শিক্ষক কর্মরত। পড়াশোনা করছেন প্রায় ১২ হাজার শিক্ষার্থী। জানা গেছে, এসব কলেজের মধ্যে এ বছর থেকে কুয়াইশ বুড়িশ্চর শেখ মো. সিটি করপোরেশন ডিগ্রি কলেজে ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু করা হয়েছে। এ ছাড়া কাপাসগোলা কলেজে স্নাতক (সম্মান) এবং সরাইপাড়া ও পোস্তারপাড় আসমা খাতুন কলেজে স্নাতক (ডিগ্রি) কোর্স চালুর প্রক্রিয়া চলছে।