নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষের পুনর্বহালের দাবিতে গতকাল শনিবার শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও এক সহকারী অধ্যাপককে তিন ঘণ্টা একটি কক্ষে আটকে রাখেন। এ সময় শিক্ষার্থীরা তাঁদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন।সুধারাম থানার পুলিশ ছাত্রদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইছহাক মজুমদার ও সহকারী অধ্যাপক (বাংলা) জহিরুল হককে কক্ষ থেকে বের করে আনে।জানা যায়, গত বছরের ২৬ সেপ্টেম্বর মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির বৈঠকে অধ্যক্ষ মো. অহিদুল হকের বিরুদ্ধে পেশাগত অসদাচরণ, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকাসহ বিভিন্ন অভিযোগ তোলা হয়। যার ভিত্তিতে কমিটির বৈঠকে অধ্যক্ষকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।মাদ্রাসার শিক্ষার্থীরা বরখাস্ত অধ্যক্ষের পক্ষে অবস্থান নিয়ে তাঁকে পুর্নবহালের দাবিতে গত সপ্তাহে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।কিন্তু ব্যবস্থাপনা কমিটি তাঁদের দাবির ব্যাপারে কোনো সিদ্ধান্ত না দেওয়ায় শিক্ষার্থীরা গতকাল সকাল ১০টার দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইছহাক মজুমদার ও সহকারী অধ্যাপক (বাংলা) জহিরুল হককে একটি কক্ষে আটকে রাখেন। এ সময় শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে মাদ্রাসা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, গোটা বিষয়টি মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি ও সংশ্লিষ্ট দপ্তরের বিষয়। তার পরও শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাঁরা ছাত্রদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেছেন।