ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ জে এম মাসুদুর রহমানের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করেন। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেন।
কয়েকজন ছাত্রীকে যৌন হয়রানি, খণ্ডকালীন শিক্ষিকা নিয়োগ দিয়ে তাঁদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক ছাত্রীকে হোস্টেল ত্যাগে বাধ্য করা, টিউটোরিয়াল পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার জন্য ঘুষ দাবি করাসহ বিভিন্ন অভিযোগ এনে ১ জুন থেকে শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন। ২ জুন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসব অভিযোগের তদন্তে একটি কমিটি গঠন করেন। ইনস্টিটিউটের পাঁচটি বিভাগের প্রধানদের নিয়ে করা এই কমিটি অভিযোগগুলোর তদন্ত করছে।
গতকাল সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছানোর পর সেখানে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ডসহ নানা অভিযোগের প্রতিবাদ করায় গত এক বছরে কমপক্ষে ১০ জন শিক্ষার্থীকে অন্যত্র বদলি করা হয়েছে। কমপক্ষে ১৫ জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে ফেল করানো হয়েছে এবং তিনজন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন ওই ভারপ্রাপ্ত অধ্যক্ষ। পাশাপাশি তাঁর অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক ছাত্রীকে অন্য কলেজে ভর্তি হতে হয়েছে। শিক্ষার্থীরা তদন্তের মাধ্যমে তাঁর বিচার ও অপসারণের দাবি জানান। এ দাবিতে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহামঞ্চাদ আলী বলেন, শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপিটি দ্রুত কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।
এদিকে ছুটি না নিয়েই ভারপ্রাপ্ত অধ্যক্ষ তিন দিন ধরে অনুপস্থিত রয়েছেন।
বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, ৮ জুন গভীর রাতে অফিসের গাড়ি নিয়ে অধ্যক্ষ ক্যাম্পাস ত্যাগ করেন। এর পর থেকে তিনি কারও ফোন ধরছেন না। এ ব্যাপারে ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের প্রধান নাসির উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অধ্যক্ষ সাহেব ক্যাম্পাসে নেই, এতটুকু জানি।’