অনিয়মের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন কলেজের শিক্ষক, ছাত্রী ও অভিভাবকেরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আর্থিক অনিয়ম ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এনে শিক্ষক, ছাত্রী ও অভিভাবকেরা উত্তম কুমার রায়কে তাঁর কক্ষে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান এবং সাংসদ লিয়াকত হোসেন ঘটনাস্থলে যান। এ সময় সাংসদ ও ইউএনওর সামনেই তাঁরা বিক্ষোভ করতে থাকেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—সাংসদের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীরা শান্ত হন।
উত্তম কুমার রায় জানান, ‘কিছু শিক্ষকের অনিয়মের কথা বলায় এবং কয়েকজন ছাত্রীকে শাসন করায় তারা আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমার অপসারণ চাচ্ছে।’