প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুন নাহারের অপসারণের দাবিতে গত বুধবার থেকে শিক্ষক-কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন।
অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ইউএনও মোহামঞ্চদ কামাল হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আন্দোলনকারী কলেজশিক্ষক জুলফিকার আলী বলেন, ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও কলেজ পরিচালনা পর্ষদ তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে আমরা ধর্মঘট শুরু করেছি।’ ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুন নাহার বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আমি ষড়যন্ত্রের শিকার।’