ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এ কে ইউ ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের এক শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার সকালে ওই শিক্ষকের পক্ষের লোকজন ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ করেন।

এলাকাবাসী, কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গত রোববার সকালে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তৃতাকে কেন্দ্র করে কম্পিউটার বিষয়ের শিক্ষক আতিকুর রহমান ও ইংরেজির শিক্ষক চাঁদ মিয়ার কথা-কাটাকাটি হয়। পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে আতিকুর বিচার দাবি করেন। অনুষ্ঠান শেষে দুই শিক্ষককে নিয়ে বৈঠকে বসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। দুই শিক্ষকের কথা শুনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুজনকে মিলিয়ে দেওয়ার জন্য অন্য এক শিক্ষককে অনুরোধ করেন। এ সময় আতিকুর কিছু বলার অনুমতি চাইলে চাঁদ মিয়া বাধার সৃষ্টি করেন। এতে আতিকুর ক্ষিপ্ত হলে উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় চাঁদ মিয়া আতিকুরকে মারধর করেন। ওই ঘটনার জের ধরে গতকাল সকালে আতিকুরের পক্ষের অর্ধশতাধিক লোক ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষের সামনে গিয়ে মানববন্ধন করেন। ওই সময় উত্তেজিত লোকজন ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। কক্ষে সামান্য ভাঙচুরও করা হয়। একপর্যায়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। খবর পেয়ে কলেজের গভর্নিং বডির সভাপতি সিরাজুল ইসলাম উত্তেজিত লোকজনকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সাত দিনের মধ্যে চাঁদ মিয়ার বিচারের প্রতিশ্রুতি দিলে উত্তেজিত লোকজন কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। এ বিষয়ে কথা বলতে কলেজে গিয়ে চাঁদ মিয়াকে পাওয়া যায়নি।

আতিকুর রহমান বলেন, ‘বিনা কারণে ইংরেজির শিক্ষক চাঁদ মিয়া আমার ওপর হামলা করেছেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী উত্তেজিত হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতির কাছে বিচার দিতে গিয়েছিলেন।’

ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন আক্তার বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই শিক্ষক মারামারি করেছেন। আতিকুর রহমানের লোকজন আমার কক্ষে এসে হামলা ও ভাঙচুর করেছেন।’

কলেজের গভর্নিং বডির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ঘটনা শুনে কলেজে এসে উত্তেজিত পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। গভর্নিং বডির জরুরি সভা করে দুই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।