আওয়ামী লীগ-সমর্থিত চিকিত্সকদের সংগঠন স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) কয়েকজন নেতার বিরুদ্ধে গতকাল রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে। জানা গেছে, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে স্বাচিপের নেতা ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সদ্য নির্বাচিত চট্টগ্রাম শাখার দপ্তর সম্পাদক আবুল হোসেন ওরফে শাহীনের নেতৃত্বে এ ঘটনা ঘটে। তবে আবুল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে অনিয়ম হয়েছে। যাকে স্টেনো টাইপিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি যোগ্য নন এবং বেশি বয়স্ক। এই নিয়োগের তদন্ত হওয়া দরকার। এটা বলার জন্যই আমরা অধ্যক্ষের কাছে গিয়েছিলাম। আমার সঙ্গে ডা. তিমির, ডা. সেলিমসহ কয়েকজন ছিলেন। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করিনি।’অভিযোগে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে আবুল হোসেনের নেতৃত্বে চারজন ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে যান। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ কক্ষে ছিলেন না। তাঁরা ওই কক্ষের মাঝখানের কাঠের বিভক্তি দেয়ালে লাথি মারেন এবং নিয়োগ কমিটির সদস্যদের উদ্দেশে গালাগাল দেন। পরে তাঁরা দোতলায় উঠে অফিস সহকারী নাসির উদ্দিনের কাছে নিয়োগসংক্রান্ত কাগজপত্র দেখতে চান। নাসির তাঁর কাছে এসব কাগজ নেই বলে জানালে তাঁকে গালাগাল দেওয়া হয়।নিয়োগসংক্রান্ত কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিন উদ্দিন এ খান বলেন, ‘আমার কক্ষে বিএমএর কিছু নেতা এসেছিলেন শুনেছি। তখন আমি ছিলাম না। এতে তাঁরা ক্ষিপ্ত হন। তাঁরা নিয়োগ কমিটির সদস্য আবু সাঈদকেও ফোন করেছেন বলে শুনেছি। এমন হলে কীভাবে আমরা দায়িত্ব পালন করব? বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে।’তবে এ ব্যাপারে আবু সাঈদ কোনো মন্তব্য করেননি।প্রসঙ্গত, চট্টগ্রাম মেডিকেল কলেজে গত ২৭ জানুয়ারি পাঁচটি পদে লোক নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়। এতে প্রায় ১০০ প্রার্থী অংশ নেন। পদগুলোর মধ্যে রয়েছে দুজন অফিস সহকারী, একজন মিডিয়া মেকার, একজন স্টেনো টাইপিস্ট ও একজন গাড়িচালক। ১ ফেব্রুয়ারি প্রার্থীদের মৌখিক পরীক্ষার পর পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়। জানা গেছে, অফিস সহকারী পদে আবুল হোসেনের ভাই প্রার্থী ছিলেন। আবুল হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘শুধু আমার ভাই নয়, পরিচিত অনেকেই প্রার্থী ছিলেন। কারও জন্য তদবির করতে যাইনি।’স্টেনো টাইপিস্ট পদে নিয়োগ পাওয়া জসিম উদ্দিন কলেজের এমএলএসএস ছিলেন। তাঁর বয়স বেশি বলে জানা গেছে। তাই তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএমএর নেতারা। এ প্রসঙ্গে আমিন উদ্দিন বলেন, ‘আমরা সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করেছি। বিভাগীয় প্রার্থী হিসেবে জসিমের বয়স শিথিলযোগ্য, সেটা সার্কুলারে দেওয়া হয়।’