ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানসহ ১৪ জনের নামে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত বুধবার উপজেলার আমলি আদালতের ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে এ আদেশ দেন। কালমেঘা ইউনিয়নের বরখাস্ত হওয়া চেয়ারম্যান বেগম নূর আফরোজ বাদী হয়ে ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তহমিনা বেগমসহ ১৪ জনকে আসামি করে উপজেলা আমলি আদালতে মামলা করলে বিচারক এই আদেশ দেন। মামলার আসামিরা হলেন ইউপি সদস্য (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তহমিনা বেগম, সাবেক ইউপি সদস্য মোস্তফা জামান, ইউপি সদস্য আ. ছালাম, মতিয়ার রহমান, গোলাম ফারুক, মো. ফিরোজ, মনির হোসেন, মো. সোহরাব, মো. হেলাল, আ. মালেক, আ. জলিল, মো. জামাল, মো. কামাল ও পারভীন মিজান। মামলার আরজিতে জানা যায়, গত ২২ মার্চ বেগম নূর আফরোজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে আসামিরা তাঁকে কার্যালয়ে ঢুকতে ও কাজকর্মে বাধা দেন। এ সময় আসামিরা নূর আফরোজকে লাঞ্ছিত করেন। জানা গেছে, আসামিরা ইউপি চেয়ারম্যান বেগম নূর আফরোজের প্রতি আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রকাশ করেন। সেই অনাস্থা প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ৬ জানুয়ারি চিঠির মাধ্যমে অনুমোদন দেওয়ার পর নূর আফরোজকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়। পরে ওই ইউনিয়নের ইউপি সদস্য তহমিনা বেগমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হয়। অপসারণ আদেশের বিরুদ্ধে গত ১৯ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে আপিল করলে ওই আপিলের পরিপ্রেক্ষিতে গত ১০ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয় চেয়ারম্যান নূর আফরোজের অপসারণ আদেশ ৬০ দিনের জন্য স্থগিত করেন। এর আগে ৯ মার্চ হাইকোর্ট চেয়ারম্যান নূর আফরোজকে চেয়ারম্যান পদে পুনর্বহালের নির্দেশ দিয়ে আরও একটি আদেশ দেন। ওই আদেশের পরিপ্রেক্ষিতে গত ২২ মার্চ চেয়ারম্যান নূর আফরোজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান।