ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি সদস্যদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মৃধার অপসারণের দাবি করেছেন ওই পরিষদের সাতজন সদস্য। তাঁরা নানা অভিযোগ তুলে ৮ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে অপসারণের দাবিতে লিখিত আবেদন করেছেন।

জেলা প্রশাসক এ ব্যাপারে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগের উপসচিবকে দায়িত্ব দিয়েছেন।

স্থানীয় সরকার বিভাগ বরিশালের উপসচিব মো. সোহেল হাসান বলেন, ‘নিয়ামতি ইউপির চেয়ারম্যানের গেজেট প্রকাশ না হওয়ায় আলমগীর হোসেনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। একাধিক অভিযোগ তুলে ওই ইউপির সাতজন সদস্য তাঁকে অপসারণ করার জন্য দরখাস্ত দিয়েছেন। তাঁকে অবশ্যই অপসারণ করা হবে। এ ব্যাপারে প্রক্রিয়া শুরু হয়েছে।’

আবেদনে উল্লেখ করা হয়েছে, অধিকাংশ ইউপি সদস্যের অমতে আলমগীর হোসেন মৃধাকে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। চেয়ারম্যান হওয়ার পর আলমগীর স্বেচ্ছাচারিতা শুরু করেছেন। নাগরিকদের সেবা দিচ্ছেন না। তাঁর পছন্দের না হলে তাঁরা ইউপির সেবা পাচ্ছেন না। সেবা নিতে আসা নাগরিকদের অশালীন ও অশ্লীল ভাষায় গালাগাল করে ফিরিয়ে দেওয়া হয়। নিজের পছন্দের লোক না হলে তাঁদের ইউপি সনদ, নাগরিক সনদ ও ওয়ারিশ সনদ দেওয়া হচ্ছে না।

ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন খান বলেন, আলমগীর হোসেন ভিজিএফ ও ভিজিডি চাল তুলে বিক্রি করে দিয়েছেন। এ ছাড়া স্বেচ্ছাচারিতা ও মানুষকে গালাগাল করা তাঁর স্বভাবে পরিণত হয়েছে। অনেক সময় সনদ নিতে এলে তিনি কাগজপত্র ছিঁড়ে ফেলেন। এসব কারণে তাঁর অপসারণ চেয়ে জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মৃধা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচন স্থগিত হওয়ায় বিজয়ী হলেও নির্বাচিত চেয়ারম্যানের গেজেট প্রকাশ হয়নি (বর্তমানে গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে)। তবে ইউনিয়নের কাজ চালিয়ে নিতে আলমগীর হোসেনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর তাঁর বিরুদ্ধে ইউনিয়নের ভিজিএফ, জেলেদের চাল বিতরণ না করে নিজে আত্মসাৎ করার অভিযোগ ওঠে। সরেজমিনে জেলেদের চাল আত্মসাতের প্রমাণও পাওয়া গেছে।

এদিকে জেলেদের চাল আত্মসাতের অভিযোগে গত শনিবার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান।

জেলা প্রশাসক বলেন, জেলেদের চাল আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মো. তাবরিজ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইউপি সচিব সৈয়দ মো. শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যরা সহকারী কমিশনারের (ভূমি) কাছে অভিযোগ দিয়েছে শুনেছি। তবে সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানি না।’