চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৭৭ দিন উপাচার্যবিহীন
ভারপ্রাপ্ত উপাচার্য করা হয়নি প্রশাসনিক কাজে অচলাবস্থা
অসুস্থতার কারণে টানা ৭৭ দিন ধরে ছুটিতে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ। কিন্তু তাঁর অনুপস্থিতিতে কাউকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ অনেক শিক্ষার্থী মূল সনদ তুলতে এসে ফিরে যাচ্ছেন। মূল সনদ তুলতে ক্যাম্পাসে আসা পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শিফাহ্ জাহান রোজী প্রথম আলোকে বলেন, ‘গত ৩ অক্টোবর মূল সনদ নেওয়ার জন্য ফরম পূরণ করে জমা দিই। আজও আমি সনদ পাইনি। আমাকে এক সপ্তাহ পর যোগাযোগ করতে বলা হয়েছে। চাকরির জন্য আমার মূল সনদ দরকার। সময়মতো সনদ জমা দিতে না পারলে চাকরি হবে না।’বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, উপাচার্য পদাধিকারবলে সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও ফাইন্যান্স কমিটির সভাপতি। তিনি দীর্ঘদিন ছুটিতে থাকায় এসব পর্ষদের কোনো সভা হচ্ছে না। ফলে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। নিয়োগ করা সম্ভব হচ্ছে না নতুন প্রক্টর। গত ১২ অক্টোবর প্রক্টর মোহাম্মদ জসীম উদ্দিন দাৃিয়ত্ব থেকে অব্যাহতি নেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২ আগস্ট ক্যাম্পাসে সহিংসতার কারণে দেড় মাসের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এর কয়েক দিন পর গত ৭ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত অসুস্থতার কারণে ছুটি নেন উপাচার্য। ছুটি নিয়ে তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তিনি ভারতের চেন্নাইয়ে চিকিৎসার উদ্দেশে যান। চেন্নাই থেকে এসে বারডেম হাসপাতালে ভর্তি হন তিনি। এর মধ্যে কয়েক দিনের জন্য বিশ্ববিদ্যালয়ে এলেও তিনি কাজে যোগ দেননি। উপাচার্য এখন চট্টগ্রামের বড় দীঘিরপারে নিজ বাসভবনে বিশ্রামে আছেন।এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন প্রথম আলোকে জানান, উপাচার্য শারীরিকভাবে এখনো খুবই দুর্বল। তিনি কারও সঙ্গে কথা বলতে পারছেন না। তাঁর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম থমকে আছে। ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগ করা হয়েছে কি না জানতে চাইলে আলাউদ্দিন বলেন, ‘আমাকে পাঠানো একটি চিঠিতে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কাজ চালিয়ে নিতে বলা হয়েছে। তবে কাউকে ভারপ্রাপ্ত উপাচার্য করা হয়নি। অসুস্থতার কারণে গত ৭ থেকে ১৪ আগস্ট উপাচার্য ছুটিতে ছিলেন। তবে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তিনি কর্মস্থলে যোগ দেননি।’আবু ইউসুফকে ২০০৯ সালের ২৩ ফেব্রুয়ারি ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অ্যাক্টের ১২ (২) ধারা অনুযায়ী চার বছরের জন্য উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি ১৯৯৬ সালের ২৬ আগস্ট থেকে ২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সহ-উপাচার্যের দায়িত্ব পালন করেন।বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হক বলেন, সাধারণত মাসে একবার অথবা দুই মাসে একবার সিন্ডিকেট সভা হয়। একাডেমিক কাউন্সিল ও ফিন্যান্স কমিটিতে যেসব ইস্যু আসে, সেগুলো সিন্ডিকেট সভায় পর্যালোচনার মাধ্যমে পাস করা হয়।