ভারপ্রাপ্ত উপাচার্য তিন ঘণ্টা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাস বন্ধ থাকা অবস্থায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ বন্ধ রাখার দাবিতে গতকাল বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ভারপ্রাপ্ত উপাচার্যকে তিন ঘণ্টা অবরোধ করে রাখে ছাত্রলীগ। শিক্ষক নিয়োগ বোর্ডের সভা স্থগিতের ঘোষণা দিলে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন ভারপ্রাপ্ত উপাচার্য।
প্রত্যক্ষদর্শী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন ছুটির কারণে এখন ক্যাম্পাস বন্ধ। এ অবস্থায় গতকাল সকালে সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে একজন শিক্ষক নিয়োগের জন্য বাছাই বোর্ডের সভা আহ্বান করে কর্তৃপক্ষ। কিন্তু ক্যাম্পাস বন্ধ থাকাকালে শিক্ষক নিয়োগ বোর্ডের সভা না করার দাবি জানায় ছাত্রলীগ। সংগঠনের নেতা-কর্মীরা সকাল নয়টার দিকে উপাচার্যের কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। এতে ভারপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস তাঁর কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। দুপুর ১২টার দিকে শিক্ষক নিয়োগ বোর্ডের সভা স্থগিতের ঘোষণা দিলে কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবু সাঈদ আকন্দ ও সহসভাপতি অঞ্জন রায় অভিযোগ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় একটি নিয়োগ-প্রক্রিয়া পরিচালনা করা আমাদের কাছে কখনোই স্বচ্ছতার পরিচায়ক নয়।’
জানতে চাইলে ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ বোর্ডের সভা স্থগিত করা হয়েছে। বোর্ডের সভার তারিখ পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।