লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ নিয়ে ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন ও নারী ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিনের মধ্যে দ্বন্দ্ব চলছে।জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন গতকাল মঙ্গলবার দুপুরে তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তার আদেশে ৪ এপ্রিল লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। ‘বিধিবহির্ভূত’ এই নিয়োগ আদেশের বিরুদ্ধে তিনি (মহিউদ্দিন) ৮ এপ্রিল হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ৯ এপ্রিল হাইকোর্টের বিচারপতি ফরিদ আহমেদ ও শেখ হাসান আরিফের বেঞ্চ ফরিদা ইয়াছমিনের নিয়োগ আদেশ দুই মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি উপজেলা পরিষদের আগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিনকে কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক, হিসাবরক্ষণ কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) কারণ দর্শানোর নির্দেশ দেন হাইকোর্ট।এদিকে ৮ এপ্রিল পুলিশ পাহারায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকারী ফরিদা ইয়াছমিন সাংবাদিকদের বলেন, ‘মহিউদ্দিন আমার সঙ্গে ভালো আচরণ করেননি। নারী ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেও মহিউদ্দিনের চেয়ে বেশি ভোটে নির্বাচিত হয়েছি। শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে রয়েছি। তাই সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে নিয়োগের জন্য আবেদন করেছি।’ সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোসলেহ উদ্দিন দায়িত্ব নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন। তিন বছর ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন মহিউদ্দিন।