ভারপ্রাপ্ত দিয়ে চলছে ১৫৪টি বিদ্যালয়
বিদ্যালয়টিতে মোট শিক্ষকের সংখ্যা তিনজন। এর মধ্যে একজনকে পালন করতে হচ্ছে প্রধান শিক্ষকের প্রশাসনিক দায়িত্ব। ফলে ২৭০ জন শিক্ষার্থীকে পাঠদান করাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন বাকি দুই শিক্ষক। এ চিত্র লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আশারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আট বছর ধরে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক নেই।
এই বিদ্যালয়টির মতো লক্ষ্মীপুর জেলার ১৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়া। সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। এতে বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বেশির ভাগ বিদ্যালয়েই প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর নতুন করে আর কাউকে পদায়ন করা হয়নি।
আশারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছরিন আক্তার বলেন, প্রধান শিক্ষক না থাকায় অনেক সমস্যার মধ্যে থাকতে হচ্ছে। মাসের অধিকাংশ দিনই উপজেলায় মিটিং ও রিপোর্টের কাজ থাকে। তারপর মাঝে মধ্যে আবার ভোটার তালিকা হালনাগাদ ও বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন তথ্য-সংগ্রহসহ বিভিন্ন সরকারি কাজ করতে হয়। এতে অনেক সময় ক্লাস নেওয়া সম্ভব হয় না।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলায় ৮৪টি, রায়পুরে ৫টি, রামগতিতে ১৯টি, কমলনগরে ১৭টি ও রামগঞ্জ উপজেলার ২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দুই থেকে আট বছর এ পদগুলো চলছে ভারপ্রাপ্ত দিয়ে। এ নিয়ে প্রত্যেক মাসেই জেলা শিক্ষা কার্যালয় থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হচ্ছে। কিন্তু তারপরও পদগুলো শূন্যই থেকে যাচ্ছে। লক্ষ্মীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা মোট ৭৩২টি।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রাথমিক শিক্ষক সমিতির তিনজন নেতা জানান, প্রধান শিক্ষক না থাকলে বিদ্যালয়ে লেখাপড়া বিঘ্ন ঘটে। একজন সহকারী শিক্ষককে সব সময় প্রশাসনিক কাজে ব্যস্ত থাকতে হয়। এ ছাড়া সহকারী শিক্ষক প্রধানের দায়িত্বে থাকলে অন্য শিক্ষকেরাও তাঁর কথা শুনতে বা মানতে চান না। এ কারণে নানা সমস্যার সৃষ্টি হয়।
রায়পুরের দক্ষিণ পূর্ব চরকাছিয়া এস কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৫০ জন শিক্ষার্থী রয়েছেন। এ বিদ্যালয়ে কর্মরত আছেন বর্তমানে চারজন শিক্ষক। তিন বছর আগে বিদ্যালয়টির প্রধান শিক্ষক অবসরে যান। এরপর থেকে সহকারী শিক্ষক সুলতান আহাম্মেদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তাঁকে প্রশাসনিক কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকতে হয়। এতে অন্য শিক্ষকেরা জোড়াতালি দিয়ে পাঠদান চালাচ্ছেন। অনেক সময় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের একত্র করে ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান আহাম্মেদ বলেন, নানা প্রশাসনিক কাজের মধ্যে নিয়মিত শিক্ষার্থীদের পাঠদানের সময় বের করা কঠিন। এতে অন্য শিক্ষকদের ওপরও চাপ বেড়ে যায়। কিন্তু উপায় নেই।
জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষকসংকটের বিষয়টি প্রতি মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। ২০০৮ সাল থেকে মামলাজনিত কারণে পদোন্নতি বন্ধ রয়েছে। এ কারণে সারা দেশের মতো লক্ষীপুরেও প্রধান শিক্ষক পদে এ সংকট দেখা দিয়েছে।