ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়ম, কার্যক্রম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসক মামলা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন। তবে মামলা করা হয়নি। এতে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এদিকে ছয় মাস ধরে ১৮ জন শিক্ষক-কর্মচারী বেতন-ভাতাও পাচ্ছেন না। ১২ ডিসেম্বরের মধ্যে বেতন-ভাতা না পেলে শিক্ষক-কর্মচারীরা আন্দোলনে যাবেন বলে হুমকি দিয়ে জেলা শিক্ষা কর্মকর্তার কছে স্মারকলিপি দিয়েছেন।
বিদ্যালয় থেকে জানা গেছে, ২০০৯ সালে নিয়মিত কমিটির মেয়াদ শেষ হলে অনিয়মিত (অ্যাডহক) কমিটি গঠন করা হয়। সরকারি পরিপত্র অনুযায়ী, অনিয়মিত কমিটির মেয়াদ হবে ছয় মাস এবং একই ব্যক্তি একই কমিটিতে পরপর দুবারের বেশি সভাপতির পদে থাকতে পারবেন না। কিন্তু ২০০৯ সাল থেকে ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে অনিয়মিত কমিটির সভাপতির পদ দখল করেছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান। বর্তমানে কোনো কমিটি নেই। বিদ্যালয়টিতে সাধারণ ও কারিগরি শাখায় ১২ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। নিয়মিত কমিটি না থাকায় চার বছর ধরে শিক্ষক নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে বিদ্যালয়ের কোনো কমিটি নেই। কমিটি না থাকায় বেতন-ভাতার বিলে জেলা শিক্ষা কর্মকর্তার সই করার কথা। কিন্তু বিধিমোতাবেক বেতন-ভাতার বিল না করায় তাতে স্বাক্ষর করছেন না তিনি।
সরকারের পরিপত্র অনুযায়ী, প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে বিদ্যালয়ের প্রথম জ্যেষ্ঠ সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার নিয়ম। কিন্তু বিদ্যালয়ের তৃতীয় জ্যেষ্ঠ সহকারী শিক্ষক সুর্পন কেতু দাসকে কৌশলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া ২০১১ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ ২.৮৬ পেয়ে উত্তীর্ণ হওয়া এক ছাত্রকে ২০১৩ সালের মে মাসে অষ্টম শ্রেণীতে ভর্তি করান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তদন্তে প্রমাণিত হওয়ার পর দিনাজপুর শিক্ষা বোর্ড তাঁর নিবন্ধন বাতিল করে। ভোকেশনালে নবম শ্রেণীতে ১৩ জন জেএসসিতে ফেল করা ছাত্রকে ভর্তির বিষয়টিও তদন্তে প্রমাণিত হয়। এ ঘটনায় জেলা প্রশাসক এক চিঠিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য ইউএনওকে নির্দেশ দিয়েছেন। ইউএনও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মামলা করতে বলেছেন। কিন্তু তিনি মামলা করেননি।
ইউএনও মো. মুনিরুজ্জামান বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মামলা করতে বলা হয়েছে। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারভীন আখতার বানু বলেন, এটা ইউএনও বলতে পারবেন।
সুর্পন কেতু দাস বলেন, ‘আমি অসহায়, যা কিছু হয়েছে ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে হয়েছে।’
জেলা শিক্ষা কর্মকর্তা জীবধন বর্মণ বলেন, ‘বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে অনিয়ম চলে আসছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর জন্য দায়ী। প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।’