জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পঞ্চাশী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ব্যবস্থাপনা কমিটির দ্বন্দ্বে দুজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালন করছেন। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে তিন মাস ধরে শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক হাছনা হেনা বলেন, ‘ব্যবস্থাপনা কমিটির দ্বন্দ্বে বিদ্যালয়ে দুজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এ কারণে আমাদের বেতন বন্ধ রয়েছে। একই কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।’
ইউএনও ফ্লোরা বিলকিস জাহান বলেন, শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক আবদুস ছাত্তার অবসরে যাওয়ায় জ্যেষ্ঠ শিক্ষক শফিকুল আলমকে ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। ৫ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। এতে শফিকুলসহ ১৭ জন প্রার্থী আবেদন করেন। ৩০ অক্টোবর প্রধান শিক্ষক পদে লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। শফিকুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ না ছাড়ায় তিনি একই সঙ্গে নিয়োগ বোর্ডের সদস্যসচিব থাকেন। এ কারণে নির্ধারিত দিনে লিখিত পরীক্ষা নেওয়া হয়নি।
পরে শফিকুলকে বাদ দিয়ে ব্যবস্থাপনা কমিটির সভায় ১০ নভেম্বর শাহনাজ আক্তারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু শফিকুলও নিজেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দাবি করে আসছেন। এ অবস্থায় প্রধান শিক্ষক পদে নিয়োগকে কেন্দ্র করে ব্যবস্থাপনা কমিটির সভাপতি হুমায়ূন কবীর ও অভিভাবক সদস্য সামসুল হকের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। শাহনাজের পক্ষে হুমায়ূন কবির এবং শফিকুলের পক্ষে সামসুল হক অবস্থান নেন। গত ৩ জানুয়ারি শাহনাজের কাছ থেকে জোর করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে অব্যাহতিপত্র লিখে নেওয়ার অভিযোগে ওই রাতেই শফিকুল, সামছুল হক ও অফিস সহকারী শরিফুল ইসলামকে আসামি করে হুমায়ূন কবির থানায় মামলা করেন। পরদিন পুলিশ শফিকুল আলম ও সামছুল হককে গ্রেপ্তার করে। পরে তাঁরা জামিনে ছাড়া পান। এ ঘটনায় ৪ জানুয়ারি থেকে চার দিন শিক্ষার্থীদের পাঠদান বন্ধ থাকে। পাল্টাপাল্টি ধাওয়ার কারণেও কিছুদিন বিদ্যালয় বন্ধ ছিল।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি হুমায়ূন কবীর বলেন, ‘মাসিক বেতন বিবরণীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহনাজ আক্তারের সই না থাকায় আমি স্বাক্ষর করিনি।’
অভিভাবক সদস্য সামসুল হক বলেন, সভাপতি এককভাবে সবকিছু করতে চান। এ কারণেই দ্বন্দ্ব তৈরি হয়েছে।
শাহনাজ আক্তার বলেন, ‘শফিকুল আলম আমার কাছে দায়িত্ব হস্তান্তর না করে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ ধরে রেখেছেন।’
শফিকুল আলম বলেন, ‘প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে সভাপতি অনৈতিকভাবে মাসিক বেতন বিবরণীতে সই না দেওয়ায় তিন মাস ধরে শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ইলাহী আখন্দ বলেন, শাহনাজ আক্তার বিদ্যালয়ের বৈধ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সমস্যাটি সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।