সুনামগঞ্জ জেলার পাঁচটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কোনোটিতেই প্রধান শিক্ষক নেই৷ সব কটিই চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে৷ সেই সঙ্গে সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীর একাধিক পদ শূন্য রয়েছে৷ এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার ওই পাঁচটি বিদ্যালয়ের মধ্যে জেলা শহরে দুটি, জগন্নাথপুর উপজেলায় দুটি এবং তাহিরপুরে আছে একটি৷
জেলা শহরের জুবিলী উচ্চবিদ্যালয়ে দুই বেলা (শিফট) পাঠদান হয়। শিক্ষার্থী এক হাজার ৪৫০ জন। এখানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ আছে ৫১টি। প্রধান শিক্ষক নেই৷ দুজন সহকারী প্রধান শিক্ষকের মধ্যে আছেন একজন৷ শিক্ষক আছেন ৩৭ জন। বিদ্যালয়ে অফিস সহকারীর দুটি পদও শূন্য। চতুর্থ শ্রেিণর ১০ জন কর্মচারীর মধ্যে আছেন তিনজন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ বলেন, ‘এখানে শিক্ষক আর কর্মচারী-সংকটের কথা সংশ্লিষ্ট সবার জানা। আমরা যেখানেই সুযোগ পাই বিষয়টি তুলে ধরি। কিন্তু সমস্যার তো কোনো সমাধান হচ্ছে না।’
শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী প্রায় এক হাজার ২০০ জন। এখানে ৫২ জন শিক্ষকের মধ্যে আছেন ৪০ জন। দীর্ঘদিন ধরেই প্রধান ও সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য।
জগন্নাথপুরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ে ১০ জন শিক্ষক থাকার কথা থাকলেও আছেন মাত্র চারজন৷ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য৷ এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস বলেন, ‘শিক্ষক-সংকটে ছেলেমেয়েদের প্রয়োজনীয় পাঠদান ব্যাহত হচ্ছে। প্রায় দুই যুগ ধরে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নেই৷ প্রয়োজনীয় শিক্ষক না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলও করতে পারছে না।’
জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নয়জন শিক্ষকের মধ্যে আছেন চারজন। এখানেও দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ খালি৷ এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহানন্দ সরকার বলেন, ‘ভালো ফল করতে হলে শিক্ষক নিয়োগ দিতে হবে। কিন্তু সেটি তো হচ্ছে না।’
এদিকে তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ে শুরু থেকেই প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য।
মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষক-সংকট সম্পর্কে সুনামগঞ্জ-৩ আসনের (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) সাংসদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমার এলাকার দুটি প্রতিষ্ঠানেই শিক্ষক-সংকট রয়েছে। আমি এই দুটি বিদ্যালয়সহ সুনামগঞ্জের সব শিক্ষাপ্রতিষ্ঠানেই প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দিতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।’
সুনামগঞ্জের প্রবীণ শিক্ষক ও সচেতন নাগরিক কমিটির শিক্ষাবিষয়ক উপকমিটির আহ্বায়ক ধূর্জটি কুমার বসু বলেন, সুনামগঞ্জ এমনিতেই শিক্ষাক্ষেত্রে পিছিয়ে আছে। তার মধ্যে কোনো প্রতিষ্ঠানে যদি প্রধান না থাকেন, তাহলে ওই প্রতিষ্ঠানের সার্বিক কাজে বিরূপ প্রভাব পড়তে বাধ্য। আর শিক্ষক না থাকলে পাঠদান হবে কীভাবে? তাই সুনামগঞ্জে শিক্ষার মানোন্নয়নে এসব প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকসহ প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দিতে সরকারের শিগগিরই পদক্ষেপ নেওয়া উিচত।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ বলেন, ‘বর্তমান শিক্ষাসচিব মহোদয়ের বাড়ি সুনামগঞ্জে। বিষয়টি আমি সরাসরি তাঁকে পর্যন্ত জানিয়েছি। তিনি নিজে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন৷ এরই মধ্যে অবশ্য শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে।’