ভারপ্রাপ্ত মেয়রের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রায় ৩০ লাখ টাকা তছরুপের অভিযোগ উঠেছে।
এর মধ্যে নিরীক্ষা বিভাগ প্রায় ২৪ লাখ টাকা তছরুপের সুনির্দিষ্ট অভিযোগ তুলে আপত্তি দিয়েছে। এ ছাড়া পৌরসভার এক কাউন্সিলর আরও সাড়ে পাঁচ লাখ টাকা অনিয়মের অভিযোগ তদন্ত করার জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
পৌরসভা থেকে জানা যায়, চলতি বছরের ২৪ থেকে ৩০ এপ্রিল নগরকান্দা পৌরসভার নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন রাজস্ব অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের দুই সুপারভাইজার আবদুর রব ও আবদুল লতিফ।
নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী এডিবি উন্নয়ন সহায়তা তহবিল থকে সাতটি চেকের মাধ্যমে নয় লাখ ৩৫৭ টাকা তোলা হয়েছে। ওই টাকার কোনো খরচের রসিদ পাওয়া যায়নি। হিসাব বইতেও ওই টাকা যুক্ত করা হয়নি। ওই টাকা কাকে কী উদ্দেশ্যে দেওয়া হয়েছে, তার কোনো বিবরণও পাওয়া যায়নি।
এ ছাড়া ২০০৯ থেকে ২০১২ সালে পৌরসভায় ক্যাশ বই অনুযায়ী ব্যবসা ও পেশাকর আদায় হয়েছে প্রায় দুই লাখ ৪৫ হাজার টাকা। কিন্তু পৌর তহবিলে জমা করা হয়েছে মাত্র ৪৫ হাজার টাকা।
গত ২৩ অক্টোবর ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমানের দেওয়া অভিযোগ থেকে জানা যায়, নিরীক্ষার পর ৪ আগস্ট একটি চেকের মাধ্যমে দুই লাখ ৮২ হাজার টাকা তোলা হয়েছে। এ টাকার কোনো বিবরণ লিপিবদ্ধ নেই। এ ছাড়া ১০ অক্টোবর ১১টি চেকের মাধ্যমে দুই লাখ ৭৫ হাজার টাকা তুললেও উন্নয়নমূলক কোনো কাজে ব্যয় করা হয়নি।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, পৌরসভায় বর্তমানে পাঁচজন সুইপার, একজন প্রহরী, বিদ্যুৎ সহকারীসহ মোট সাতজন কর্মরত রয়েছেন। তাঁদের মাসিক বেতন ২৮ হাজার টাকা। কিন্তু শ্যামল, গৌরাঙ্গ ও নারায়ণ নামের তিনটি নাম যুক্ত করে প্রতি মাসে ১২ হাজার টাকা বেশি তোলা হয়। ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য প্রতিদিন দুই লিটার হিসাবে মাসে ৬০ লিটার তেল খরচ হয়। কিন্তু প্রতি মাসে ২২০ থেকে ২৫০ লিটার তেলের ভুয়া খরচ দেখানো হয়।
পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ইউষা মুন্সী পাঁচজন সুইপার নিয়ে পৌরসভা চালানো সম্ভব নয়—মন্তব্য করে বলেন, মাঝেমধ্যে আট-নয়জন সুইপার দিয়ে কাজ করাতে হয়। নিরীক্ষার আপত্তি বিষয়ে তিনি বলেন, ‘আমি হিসাব ভালো বুঝি না।’
সচিব এইচ এম রকিবুল ইসলাম বলেন, ‘ময়লা পরিষ্কারের গাড়ির জন্য ৬০ লিটার তেল খরচ হয়। এ তেলের সঙ্গে আমার ও মেয়রের মোটরসাইকেলের তেলও ধরা হয়। তবে মাসে ১০০ থেকে ১২০ লিটারের বেশি তেল খরচ হয় না।’
১০ অক্টোবর দুই লাখ ৭৫ হাজার টাকা তুলে এক ঠিকাদারের বকেয়া বিল দেওয়া হয়েছে বলে সচিব দাবি করেন। তিনি বলেন, ‘আমরা নিরীক্ষার আপত্তির বিষয়গুলো সমাধানের চেষ্টা করছি।’ নিরীক্ষা বিভাগের সুপারভাইজার আবদুর রব বলেন, সুপারিশ অনুযায়ী পৌর কর্তৃপক্ষ আট মাসেও হিসাব সমন্বয় করেনি।