চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনিযুক্ত ভারপ্রাপ্ত মেয়র জহিরুল আলম দোভাষের ব্যাপারে আপত্তিপত্র দিয়েছেন বিএনপিসমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম। গত বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কাছে ওই আপত্তিপত্র দেওয়া হয়। আপত্তির কারণ সম্পর্কে মঞ্জুর আলম প্রথম আলোকে জানান, ভারপ্রাপ্ত মেয়র আওয়ামী লীগের সমর্থন পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। এবারও তিনি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে করে ভোটারদের প্রভাবিত করার সম্ভাবনা থেকেই যাচ্ছে। ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের কাউন্সিলর জহিরুল আলম বৃহস্পতিবারই ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভারপ্রাপ্ত মেয়র হলেও রুটিন কাজের বাইরে কোনো প্রকল্পের অনুমোদন, অর্থ ছাড়করণের মতো কোনো কাজ করতে পারব না। তাই এতে অসুবিধা হওয়ার কথা নয়।’ এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী সাংবাদিকদের বলেন, ভারপ্রাপ্ত মেয়র নির্ধারণ করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে তিনি দায়িত্বে থেকে সিটি করপোরেশনের গাড়ি ব্যবহারসহ কোনো ধরনের সুবিধা নিতে পারবেন না।