দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পর রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডলকে (ভারপ্রাপ্ত রেজিস্ট্রার) গতকাল মঙ্গলবার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শাহজাহান আলী মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে একটি মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানায়। নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে সহকারী রেজিস্ট্রার মইনুল আজাদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আলী অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. শাহজাহান আলী মণ্ডল ও সাবেক উপাচার্য আবদুল জলিল মিয়ার বিরুদ্ধে অতিরিক্ত জনবল নিয়োগসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রংপুর জেলার উপপরিচালক মো. আবদুল করিম কোতোয়ালি থানায় মামলা করেন।
দুদকের মামলার অভিযোগে জানা যায়, উপাচার্য আবদুল জলিল ২০০৯ সালের ৭ মে যোগ দেওয়ার পর থেকে চলতি বছর ৫ মে পর্যন্ত মো. শাহজাহান আলী মণ্ডলের প্রত্যক্ষ সহযোগিতায় বিভিন্ন অনিয়মের মাধ্যমে অনুমোদিত ২৮৫ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর স্থলে ৬৭৪ জনকে নিয়োগ দিয়েছেন। শাহজাহান আলীর নিয়োগও যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
দুদকের উপপরিচালক মো. আবদুল করিম জানান, দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদনের পর এই মামলা করা হয়।