ভারপ্রাপ্ত সচিবও অসুস্থ হয়ে ছুটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই মাস ধরে জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের পদ খালি। সংস্থাটির পরিচালক (অর্থ) ভারপ্রাপ্ত সচিব হিসেবে কাজ করছিলেন। তিনিও অসুস্থ হয়ে দুই সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে ছুটিতে আছেন, সুস্থ হননি পুরোপুরি। এই পরিস্থিতিতে জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোর সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সমন্বয় বাধাগ্রস্ত হচ্ছে।

সরকার জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে যাবতীয় ক্রীড়া কার্যক্রম সমন্বয় ও নিয়ন্ত্রণ করে। ৪৯টি জাতীয় ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন এবং ৬৪টি জেলা ক্রীড়া সংস্থা ও ৭টি বিভাগীয় ক্রীড়া সংস্থাকে নিয়ে কাজ করে জাতীয় ক্রীড়া পরিষদ।

গত ১৩ আগস্ট পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের দায়িত্বে ছিলেন যুগ্ম সচিব অশোক কুমার বিশ্বাস। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি হওয়ার পর থেকে ক্রীড়া পরিষদের সচিবের পদটি খালি। ভারপ্রাপ্ত সচিব করা হয় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ) মো. সহিদ উল্লাহকে। একই সঙ্গে তাঁকে পরিচালকের (প্রশাসক) দায়িত্বও পালন করতে হয়। এর ফলে তাঁর ওপর তিনটি পদের দায়িত্ব বর্তায়।

জাতীয় ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে, অশোক কুমার বিশ্বাসের বদলির কয়েক দিন পর সরকার স্থানীয় সরকার বিভাগের ঢাকা বিভাগীয় পরিচালক শেখ মুজিবুর রহমানকে ক্রীড়া পরিষদের সচিব হিসেবে নিয়োগ দেয়। কিন্তু তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি।

এরই মধ্যে ভারপ্রাপ্ত সচিব মো. সহিদ উল্লাহ ১২ অক্টোবর রাতে অসুস্থ হয়ে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে ভর্তি হন। এরপর বেশ কয়েক দিন দাপ্তরিক অনেক ফাইলেই সই হয়নি। গত শনিবার তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হননি। প্রয়োজনীয় ফাইলগুলো নিয়ে যাওয়া হচ্ছে তাঁর বাসায়, সেখান থেকেই তিনি তাতে সই করছেন।

কয়েকটি ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদকের অভিযোগ, ক্রীড়া পরিষদের সচিব না থাকায় তাঁদের বেশ সমস্যা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একটি ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, নতুন অর্থবছরের শুরুতে (আগস্টে) সাধারণত জাতীয় ক্রীড়া পরিষদের বরাদ্দ করা বার্ষিক অনুদানের প্রথম কিস্তিটা তাঁরা পান। কিন্তু সচিব না থাকায় এখনো সেই অনুদান পাননি। ফেডারেশনের দৈনন্দিন কাজের জন্য এই অনুদান তাঁদের খুব প্রয়োজন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান বীরেন শিকদার গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলা হয়েছে, আশা করা যায়, শিগগিরই ক্রীড়া পরিষদ সচিব পাবে। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হলেও কী কারণে তিনি যোগ দেননি, তা প্রতিমন্ত্রীর জানা নেই।