ভারপ্রাপ্তদের দিয়ে চলছে কিশোরগঞ্জ আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছর আগে গঠিত কমিটি দিয়েই চলছে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ। দীর্ঘদিন ধরে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি হবে বলে শোনা গেলেও ১০ বছরে কোনো কমিটি হয়নি। সভাপতি ও সাধারণ সম্পাদকের কাজ চলছে ‘ভারপ্রাপ্ত’ দিয়ে। ফলে দলীয় কার্যক্রম স্তিমিত হয়ে পড়েছে। দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে জেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয়। সেই কমিটির মেয়াদ পার হওয়ার পর কেটে গেছে ১০ বছর। সম্মেলনে আবদুল হামিদ ও শামসুল হক গোলাপ মিয়া যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় এলে আবদুল হামিদ স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সৈয়দ ওয়াহিদুল ইসলাম পট্টু মিয়া ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। কাউন্সিলের এক বছরের মধ্যে মারা যান সাধারণ সম্পাদক শামসুল হক গোলাপ মিয়া। এরপর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন শাহাবুদ্দিন ঠাকুর। ২০০৭ সালে তাঁর মৃত্যুর পর থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আফজল। নাম প্রকাশে অনিচ্ছুক দলের কয়েকজন নেতা-কর্মী বলেন, দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় দলে নতুন নেতৃত্বের সৃষ্টি হচ্ছে না। সম্মেলন না হওয়ায় সাহসী ও নেতৃত্ব প্রত্যাশীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।স্পিকার আবদুল হামিদ বলেন, ‘জেলা আওয়ামী লীগের কমিটির মেয়াদ শেষ হওয়ার পর ১০ বছর ধরে দলীয় কর্মকাণ্ড চলছে ঢিলেঢালাভাবে। স্পিকারের দায়িত্ব নেওয়ার পর পদ ছেড়ে দিয়েছি। কারণ, আমি সংগঠনে থাকতে পারি না। দলীয় বৈঠকে অংশগ্রহণ করাও অনৈতিক কাজ বলে মনে করি।’ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজল জানান, জেলার কয়েকটি উপজেলার কাউন্সিল এখনো হয়নি। এগুলো শেষ হলে শিগগির জেলা আওয়ামী লীগের কাউন্সিল হবে।