ভারপ্রাপ্তদের দিয়ে ১৫ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর মেয়াদি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০০০ সালে। এরপর এক যুগেও সম্মেলন হয়নি, নতুন কমিটিও হয়নি। সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ চলছে ভারপ্রাপ্তদের দিয়ে। কয়েক বছর ধরে সাংগঠনিক সম্পাদকের পদও শূন্য। নতুন কমিটি না হওয়ায় অনেক নেতাই রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। ফলে দলীয় বিভিন্ন কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে পারছেন না সাধারণ নেতা-কর্মীরা। জেলা আওয়ামী লীগের রাজনীতিতে স্থবিরতা চলছে বলে মনে করেন অনেক নেতা-কর্মী। জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে তৎকালীন ডেপুটি স্পিকার (বর্তমানে স্পিকার) আবদুল হামিদকে সভাপতি ও সাংসদ এ কে এম শামসুল হক গোলাপ মিয়াকে সাধারণ সম্পাদক করে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। বছর খানেকের মধ্যে সভাপতির দায়িত্ব ছেড়ে দেন আবদুল হামিদ। ভারপ্রাপ্ত সভাপতি হন জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলাম (পট্টু মিয়া)।১৯৯৯ সালে সাধারণ সম্পাদক শামসুল হকের মৃত্যু হয়। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ঠাকুরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। ২০০৯ সালের ১৪ অক্টোবর তিনিও মারা যান। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান আরেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আফজল। সাংগঠনিক সম্পাদক জিন্নাতুল ইসলাম মারা যান ২০১০ সালে। এরপর আর এ পদে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, স্পিকার আবদুল হামিদ, স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মতো শীর্ষস্থানীয় তিন নেতার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তাঁদের কারণে জেলা আওয়ামী লীগের রাজনীতি অন্য জেলার চেয়ে অনেক গতিশীল ও নেতা-কর্মীরা অনেক সক্রিয় থাকবেন—এমনটিই প্রত্যাশা নেতা-কর্মীদের। তবে মাঠপর্যায়ের চিত্র ভিন্ন।জেলা আওয়ামী লীগের কর্মসূচি পর্যবেক্ষণে দেখা গেছে, দায়সারাভাবে দলীয় কর্মকাণ্ড চলছে। জাতীয় দিবসসহ দলীয় বিভিন্ন কর্মসূচিতে নেতা-কর্মীদের সমাগম তেমন ঘটছে না। শহরের স্টেশন সড়কে জেলা কার্যালয় প্রায় সময় ফাঁকা পড়ে থাকে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজল ও কয়েকজন নেতা-কর্মীকে মাঝেমধ্যে ওই কার্যালয়ে দেখা যায়। জেলা কমিটির তৎপরতা না থাকায় ভৈরব বাদ দিয়ে ১২টি উপজেলার কমিটিগুলোর কাজও চলছে ঢিলেঢালাভাবে। এ ব্যাপারে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ সাদী বলেন, ‘নতুন কমিটি গঠিত না হওয়ায় জেলা আওয়ামী লীগ একটি প্যারালাইজড কমিটির মতো কাজ করছে। জানুয়ারির মধ্যে কাউন্সিল করে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা না গেলে জেলা আওয়ামী লীগ বিকলাঙ্গ শিশুর মতো মাটিতে পড়ে থাকবে।’ঘোড়া হয়নি, গাড়িও হয়নি: গত ১৫ মে কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে এক কর্মিসভায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘এবার ঘোড়ার আগে গাড়ি হবে। কিশোরগঞ্জ জেলা কমিটি গঠনের পর অন্য কমিটিগুলো গঠন করা হবে।’এ কথা শুনে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দলীয় কর্মকাণ্ডে চাঙাভাব আসে। কিন্তু সাত মাসেও তাঁর কথার বাস্তব প্রতিফলন দেখা যায়নি। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজল বলেন, ‘১৫ বছর ধরে সম্মেলন হয়নি। গণতান্ত্রিক দল হিসেবে এটা ঠিক হয়নি। এর দায়দায়িত্বের বাইরে আমিও নই। সম্মেলন হলে সাধারণ নেতা-কর্মীরা অনুপ্রাণিত হয়ে দলকে চাঙা করতে পারে।’