ভারপ্রাপ্তরাই ভরসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ পদগুলোয় দীর্ঘদিন ধরে স্থায়ী নিয়োগ বন্ধ আছে। এসব পদে কাউকে পদোন্নতিও দেওয়া হচ্ছে না। ভারপ্রাপ্ত কর্মকর্তারা এসব পদের দায়িত্ব পালন করছেন।
করপোরেশন সূত্র জানায়, করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোখতার আলম ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল বর্তমানে অবসরোত্তর ছুটিতে আছেন। এই দুটি পদে এখনো কাউকে নিয়োগ কিংবা দায়িত্ব দেয়নি কর্তৃপক্ষ।
এ ছাড়া প্রধান রাজস্ব কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা, প্রধান আইন কর্মকর্তা এবং জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত ও চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তারা।
করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘করপোরেশনের গুরুত্বপূর্ণ এই পদগুলোর প্রায় প্রতিটির বিপরীতে মামলা বিচারাধীন রয়েছে। তাই আইনি জটিলতার কারণে এসব শূন্য পদে কাউকে পদোন্নতি দেওয়া যাচ্ছে না।’ এতে করপোরেশনের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে কি না, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি না হলেও বলেন, ‘চলছে তো।’
করপোরেশনের প্রশাসন সূত্রে জানা গেছে, করপোরেশনের পক্ষে যার এসব মামলা তদারক করার কথা, সেই প্রধান আইন কর্মকর্তা সরওয়ার-ই-আলমকে নিয়োগ দেওয়া হয়েছে অস্থায়ী ভিত্তিতে। তিনি ২০১১ সালের ১৩ নভেম্বর অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যান তিনি। ২০১২ সালের ১২ নভেম্বর সব পাওনা নিয়ে পুরোপুরি অবসরে চলে যান।
করপোরেশনের দুই প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রধান প্রকৌশলী পদ শূন্য থাকায় এই বিভাগের কার্যক্রমে সমন্বয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে। এতে বিভিন্ন অসুবিধা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে একজন থাকলে ভালো হতো।’
করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পদও শূন্য আছে অনেক দিন ধরে। এই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জামাতা সেলিম আকতার চৌধুরী।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা পদে দায়িত্ব পালন করছেন দৈনিক ভিত্তিতে কর্মরত আবদুর রহিম। ১৯৯৪ সালের পর এই পদে কাউকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়নি।